মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত
গতকাল সোমবার মৌলভীবাজার সদর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত ও একটি দোকান ভাঙচুর হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় ইমাম বাজার মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে কথাকাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর ও কালিয়ারগাঁও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় মোহাম্মদপুরের ছুফিয়ান মিয়া (৪০) ও শফিক মিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। সংঘর্ষে এলাকার ইমাম বাজারে একটি দোকান ভাঙচুর হয়েছে।গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জমসেদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।