মৌলভীবাজার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকা থেকে আরিফুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মৌলভীবাজার শহর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা অন্যরা হলেন, মৌলভীবাজার শহরের কাজিরগাঁওয়ের খয়রুল মিয়া, আছাদ মিয়া, সুলতানপুরের জামিল মিয়া, দরগামহল্লার রাহিদ আহমদ, শহরতলির নাজিরাবাদের ফয়ছল আহমদ জুয়েল ও নবীগঞ্জ উপজেলার সদরাবাদ গ্রামের জাবেদ মিয়া। মৌলভীবাজার সদরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলমগীর হোসেন গতকাল শুক্রবার বিকেলে জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ওই ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁদের সদর থানাহাজতে রাখা হয়েছে। ৩ এপ্রিল পিটিআইয়ের হিসাবরক্ষক আমজাদ হোসেন ও কর্মচারী আবুল হাসেম মৌলভীবাজারে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাসিক বেতন-ভাতার ১০ লাখ ৮৬ হাজার টাকা উত্তোলন করেন। তাঁরা রিকশায় করে পিটিআই ফেরার পথে পৌরসভার সামনে তিনটি মোটরসাইকেলে তাঁদের গতি রোধ করে। পরে মোটরসাইকেল আরোহীরা তাঁদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়।