মৌলভীবাজারে চলছে পাখি শিকার ও বিক্রি
লোকটার কাঁধে চিকন বাঁশ। বাঁশের এক পাশে দড়ি ও জাল। অন্য পাশে খাঁচা। সেই খাঁচায় পাখিরা কিচিরমিচির করছে। খুবই ছোট পাখি। স্থানীয়ভাবে লোকজন এগুলোকে ‘পিরিলা’ বলে। এই পাখিগুলো ঝাঁক বেঁধে শনপাতার ঝোঁপ বা আখখেতে বাস করে। লোকটা পাখিগুলো বিক্রির জন্য হাটবাজার বা নির্দিষ্ট কোনো স্থানে নিয়ে যাচ্ছিল। গত বুধবারের ঘটনা এটি। জানা গেছে, পরে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, একদল পাখিশিকারি ঘন ঝোঁপঝাড় এবং আখখেতে জালের ফাঁদ দিয়ে পিরিলা, মুনিয়া, চড়ুই ইত্যাদি ছোট পাখি ধরে থাকে। শিকারিরা রাতের বেলা ঝোঁপের ওপর জাল পেতে দেয়। ভোরে উড়াল দিতে গিয়ে পাখিগুলো জালে আটকা পড়ে। সারা বছরই এই শিকারিরা কামারচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেশি পাখি ঘুঘু, বক, সারস, শালিক, দোয়েল ইত্যাদি ধরে থাকে। পাখি ধরার পর স্থানীয় হাটবাজারে চড়া দামে বিক্রি করে।এলাকাবাসী আরও জানান, কিছু লোক এয়ারগান দিয়ে দেশি জাতের পাখি শিকার করছে। এ ধরনের শিকারিরা গুলিতে আহত পাখি ধরে ব্লেড দিয়ে জবাই করে থলের মধ্যে ঢুকিয়ে ফেলে। কামারচাক ইউনিয়নের করাইয়ার হাওর এলাকায় এ বছর আসা অতিথি পাখিও শিকার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রকাশ্যে পাখি শিকারে কড়াকড়ি থাকায় পাখি ধরে গোপনে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পাখিশিকারি জানায়, তার মতো বেশ কয়েকজন শিকারি আছে। যারা সারা বছরই দেশি পাখি শিকার করে। জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নেও একদল শিকারি দেশি পাখি শিকার করে থাকে। এরা মৌলভীবাজার শহরে এনে পাখি বিক্রি করে।সদর উপজেলার একজন পেশাদার পাখি বিক্রেতার কাছে মুঠোফোনে কিছু পাখি কিনতে চাইলে সে বলে, ‘অখন (এখন) পাখি ধরার আইন বড় শক্ত। তবু লুকাইয়া ধরি মাছর চাউঙরাত করি নিয়া আইঅয় (লুকিয়ে ধরে মাছের ঝাঁপিতে করে নিয়ে আসে)। নাম-ঠিকানা দিলে দিতাম পারিনি দেখমুনে।’ তার কাছ থেকে জানা গেছে, সে মূলত হাইল হাওর এলাকা থেকে শিকার করা অতিথি পাখি বিক্রি করে থাকে।গত ২৪ ডিসেম্বর বিক্রি করতে নিয়ে আসা ছয়টি ঘুঘু আটক করে লোকজন। পরে তা বন বিভাগের মাধ্যমে বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত করা হয়। হাকালুকি হাওরে গতকালও বিষটোপ দিয়ে পাখি মারার ঘটনা ঘটেছে। হাওরের গৌড়কুড়ি বিলের কাছে মৃত ২৬টি লেনজা হাঁস পাওয়া গেছে। এলাকাবাসী জানান, শিকারিরা বিলের আশপাশে খাদ্যে বিষ দিয়ে ফেলে রাখে। অতিথি পাখিরা সেই বিষমাখা খাবার খেয়ে মারা যায়। পরে এগুলো বাজারে বিক্রি করা হয়।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের রেঞ্জার গাজী মোস্তফা কামাল বলেন, ‘সম্ভবত বিষটোপ দিয়েই পাখিগুলো মারা হয়েছে। কিন্তু পাখিগুলো নিয়ে যেতে পারেনি শিকারি।’ এই পাখি শিকারের ব্যাপারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘কিছু লোক দেশি পাখি ধরে। মাঝেমধ্যে আমরা খবর পাই। আমরা খোঁজ নিয়ে তাদের ধরি। আটক পাখি অবমুক্ত করা হয়।’