মৌলভীবাজারে চা-বাগানের উপমহাব্যবস্থাপকের বাংলোয় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের প্রেমনগর চা-বাগানের উপমহাব্যবস্থাপকের বাংলোতে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১৩ ভরি স্বর্ণালংকার ও লাইসেন্স করা একটি টু টু বোর রাইফেলসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে।জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল সশস্ত্র ডাকাত বাগানের উপমহাব্যবস্থাপক (কারখানা) এম এ আউয়ালের বাংলোয় হানা দেয়। ডাকাতেরা বাংলোর তিন প্রহরীকে বেঁধে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ঘরের ভেতরে কেউ ছিল না। ডাকাতেরা প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, লাইসেন্স করা একটি টু টু বোর রাইফেল, প্রায় ২০০টি গুলি ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। উপমহাব্যবস্থাপক এম এ আউয়াল গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় আমি বাগান থেকে বেরিয়ে গেছি। এরপর কয়েকটি বাগান পরিদর্শন করে কোম্পানির কাজে ঢাকায় চলে আসি। আমার স্ত্রী তখন গ্রামের বাড়িতে ছিলেন।’ ডাকাতির ঘটনায় চা-বাগানের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন।