মৌলভীবাজারে চা বাগানের ব্যবস্থাপক লাঞ্ছিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা-বাগানের ব্যবস্থাপককে গতকাল শনিবার লাঞ্ছিত করেছেন শ্রমিকেরা। বাগান পঞ্চায়েতের সভাপতিকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে এবং চা-শ্রমিকদের বদলি কাজ বন্ধের প্রতিবাদে চা-শ্রমিকেরা এ ঘটনা ঘটিয়েছেন।শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিজাম উদ্দিনসহ পঞ্চায়েতের নেতারা সকাল আটটার দিকে বাগানের ব্যবস্থাপকের কাছে গিয়ে বাগান পঞ্চায়েতের সভাপতি মো. নাসিম আলীকে বরখাস্তের দাবি জানান। এ সময় তাঁরা বাগানের বদলি শ্রমিকদের কাজ বন্ধেরও প্রতিবাদ জানান। একপর্যায়ে ইটা ও পাশের উদনা চা-বাগানের শ্রমিকেরা সেখানে ছুটে যান। শ্রমিকেরা কার্যালয়ে অবস্থানরত বাগানের ব্যবস্থাপক মো. মামুদ আলী ও সহকারী ব্যবস্থাপক আবুল কালাম প্রামাণিকের কক্ষের দরজায় তালা মেরে দেন। পরে চা-শ্রমিকেরা কক্ষে ঢুকে ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপককে লাঞ্ছিত করেন। পরে শ্রমিকেরা তাঁদের অবরোধ করে রাখেন।মুন্সিবাজার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। কিন্তু পঞ্চায়েতের সভাপতিকে বরখাস্ত না করা পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে ঘোষণা দেন শ্রমিকেরা। পরে বাগান ব্যবস্থাপক পঞ্চায়েত সভাপতিকে বরখাস্ত করার অঙ্গীকার করলে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।পঞ্চায়েত সভাপতি নাসিম আলী তাঁর বিরুদ্ধে আনা গাছ কাটাসহ অন্যান্য অভিযোগ অস্বীকার করেন।ব্যবস্থাপক মো. মামুদ আলী বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগানে পরাজিত ও বিজয়ী প্রার্থীর পক্ষের দুটি পক্ষ হয়ে গেছে। এখন রাজনৈতিক খেলা চলছে।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বলেন, চা-শ্রমিকেরা ব্যবস্থাপককে লাঞ্ছিত করেছেন। এখন পরিস্থিতি শান্ত।