মৌলভীবাজারে চার গুণী ব্যক্তি পেলেন সম্মাননা
মৌলভীবাজারে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য চার ব্যক্তিকে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৬ দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন নাট্যকলায় আবদুল মোহিত, কণ্ঠসংগীতে বুলবুল আনাম চৌধুরী, যন্ত্রসংগীতে বাবু চাঁন সিংহ ও লোকসংস্কৃতিতে অমলেন্দু কুমার দাশ। অতিথিরা সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।