মৌলভীবাজারে চাহিদামতো বোরোবীজ মিলছে না
মৌলভীবাজারে কৃষকেরা চাহিদামতো বোরো ধানের বীজ পাচ্ছেন না। সরকারি বিক্রয়কেন্দ্রে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত জাতের বীজ না পেয়ে অনেক কৃষক ফিরছেন। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার কারণে বোরো, আউশ ও আমন ফসল হারানোর পর এখন বোরো ধানের বীজতলা তৈরির সময় চাহিদা অনুযায়ী বীজ না পাওয়ায় হাওরাঞ্চলের অনেক কৃষক হতাশ হয়ে পড়েছেন।বিএডিসি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ বিপণনকেন্দ্রে প্রতিদিন শত শত কৃষক এসে ভিড় করছেন। কৃষকেরা জানান, বীজ বিপণনকেন্দ্রে এসে তাঁরা বিআর-১৪, ২৮ ও ২৯ জাতের বোরো ধানের বীজ চান। কিন্তু তাঁদের দেওয়া হচ্ছে বিআর-৪৭ জাতের বীজ। অনেকেই এই বীজ নিতে ভরসা পাচ্ছেন না। আবার অনেকে বীজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন।১৪ নভেম্বর সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের মো. তাজুল ইসলাম বলেন, ‘কেন্দ্র থেকে বিআর-১৪ ও ২৯ জাতের বীজ নিতে এসেছি। কিন্তু দেওয়া হয়েছে বিআর-৪৭ জাতের বীজ। এর আগে কোনো দিন এই জাতের ধানের চাষ করিনি। ১৫০ কেজিরও বেশি বীজ দরকার। পেয়েছি ৬০ কেজি।’বিএডিসির বীজ বিপণনকেন্দ্র সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের হাওরাঞ্চলে আকস্মিক বন্যায় বোরো ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা বীজ সংরক্ষণ করতে পারেননি। জেলার বীজের চাহিদার প্রায় ৫০ শতাংশ কৃষকেরাই সংরক্ষণ করে থাকেন। কিন্তু এবার আর তা সম্ভব হয়নি। এ ছাড়া সরকারি বীজ উন্নত হওয়ায় কৃষকেরা সরকারি বীজে চাষ করতেই বেশি আগ্রহী। বীজ বিপণনকেন্দ্র জানিয়েছে, সরকারি হিসাবে মৌলভীবাজার জেলায় বোরো ধানের বীজের চাহিদা ৮০০ টন। এর মধ্যে ২৮৮ টন ৩৪০ কেজি বিআর-২৮ জাতের বীজ হাওরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিতরণ করা হচ্ছে। এ ছাড়া গত ১০ অক্টোবর থেকে জেলার ডিলার এবং মৌলভীবাজার ও কুলাউড়ার বিএডিসির বিপণনকেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত ৫৩০ টন বীজ বিক্রি করা হয়েছে।বিএডিসি মৌলভীবাজার বীজ বিপণনকেন্দ্রের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিল্লুর রহমান ১৪ নভেম্বর বলেন, ‘আজ বেলা দুইটা পর্যন্ত বিআর-২৮ জাতের বীজ ছিল। এখন শুধু বিআর-৪৭ জাতের বীজ আছে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাদা বলেন, ‘আমাদের কাছে এখন বিআর-৪৭ জাতের বীজ আছে। তবে কৃষকেরা তা নিতে চাচ্ছেন না। বিআর-১৪, ২৮ ও ২৯ জাতের ২০ টন বীজ চেয়ে বিএডিসির সিলেট কেন্দ্রে চাহিদাপত্র পাঠানো হয়েছে।