মৌলভীবাজারে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার জেলা শাখার ডাকে গত শুক্রবার থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এদিকে দণ্ডপ্রাপ্ত চিকিৎসক গতকাল শনিবার জামিনে মুক্তি পেয়েছেন। বিএমএ গতকাল ধর্মঘট নিয়ে বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বিএমএ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সরকারি কাজের সময় মনসুরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন মাহমুদুল আহমেদকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্ব পালন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজান কবীর চৌধুরী বলেন, ‘ডাক্তারের মুক্তি হয়েছে। কিন্তু নিঃশর্ত মুক্তি হয়নি। তাঁকে জামিন দেওয়া হয়েছে।’ সাধারণ সম্পাদক জানান, তাঁদের বৈঠক চলাকালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ উপস্থিত হয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও যুবলীগ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান।মৌলভীবাজারের সিভিল সার্জন মো. গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, ‘আমি বিএমএকে বলেছি কর্মসূচি প্রত্যাহার করতে। তাদের কথা হচ্ছে, ডাক্তার জামিনে মুক্ত হয়েছে কিন্তু মামলা থেকে মুক্ত হয়নি। আমি তাদের বলেছি, আমাকে লিখিতভাবে তাদের দাবিদাওয়া দিতে।’