মৌলভীবাজারে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল সকালে ছাত্রদলের কর্মীদের মধ্যে জ্যেষ্ঠ-কনিষ্ঠ প্রসঙ্গ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে এর জের ধরে শহরের সুলতানপুর এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিপন (২১), টিপু (২২) ও জাকির (২২) নামের তিনজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল প্রথম আলোকে বলেন, কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিকেলে জেলা ছাত্রদল জরুরি বৈঠক করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলেজ ছাত্রদলের চার কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে।