মৌলভীবাজারে ছড়ায় বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের পলকছড়ার একাধিক স্থানে বাঁশের বেড়া (খাটি) স্থাপন করে অবাধে চলছে মাছ শিকার। এতে ছড়ায় পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে এবং ওই বেড়ায় মাছের সঙ্গে বিভিন্ন জলজ প্রাণী আটকে মারা যাচ্ছে। প্রতিবছর আইন লঙ্ঘন করে এভাবে মাছ শিকার করলেও প্রশাসন বেড়া স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি কোনো জলাশয়ে (নদী, খাল, বিল, ছড়া) মাছ ধরার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বাঁধ, বেড়া এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করতে পারবে না। অথচ এই আইন লঙ্ঘন করে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ পলকী গ্রাম, কুলাউড়া উপজেলার উত্তর পলকী গ্রাম ও রাজনগর উপজেলার শান্তকুল গ্রামের পলকছড়ায় ১০টি স্থানে বাঁশের বেড়া স্থাপন করে স্থানীয় কয়েক ব্যক্তি মাছ ধরছেন।
এলাকাবাসী জানান, দক্ষিণ পলকী গ্রামের ইসমাইল খান, মাহমুদ আলী; রাজনগরের শান্তকুল গ্রামের আরব আলী এবং কুলাউড়া উপজেলার উত্তর পলকী গ্রামের সুফিয়ান খান, তাজুদ মিয়া, রাজা মিয়া, আনোয়ার খান, ইলিয়াছ খান, ইসমাইল খান, আজম খান, জুবের আহমদ ও সুফিয়ান খান পলকছড়ার প্রায় এক কিলোমিটারে বাঁশের বেড়া স্থাপন করে মাছ ধরছেন।
জানা যায়, বাঁশের বেড়ার মধ্যে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ (স্থানীয় নাম পারইন) স্থাপন করা থাকে। সেখানে ছোট-বড় নানা জাতের মাছ আটকা পড়ে। এই ফাঁদে মাছের সঙ্গে সাপ, কুঁচিয়া, ব্যাঙসহ অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে মারা যায়।
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, প্রতিবছর প্রশাসন নদী, ছড়া ও হাওর থেকে বাঁশের বেড়া উচ্ছেদ ও কারেন্ট জাল জব্দ করলেও কাউকে জেল-জরিমানা করছে না। এ কারণে অভিযানের পরপরই আবার বেড়া স্থাপন করে মাছ শিকার করা হয়।
মুঠোফোনে কথা হলে পলকছড়ায় বাঁশের বেড়া স্থাপনকারী শান্তকুর গ্রামের আরব আলী, দক্ষিণ পলকী গ্রামের মাহমুদ আলী ও উত্তর পলকী গ্রামের ইলিয়াছ খান বলেন, টানা বৃষ্টিতে ছড়া ও ধানখেতে জলাবদ্ধতা সৃষ্টির পর যখন পানি নেমে যেতে শুরু করে, তখন নিজেদের প্রয়োজনে কিছু মাছ ধরার জন্যই বাঁশের বেড়া স্থাপন করা হয়। জনপ্রতিনিধিরা আপত্তি জানালে বাঁশের বেড়া অপসারণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, পতনউষার ইউনিয়নে দক্ষিণ পলকী এলাকায় পলকছড়া থেকে মাহমুদ আলী তাঁর স্থাপিত বেড়া অপসারণ করে নিলেও বাকিগুলো রয়ে গেছে।
এ বিষয়ে গতকাল সোমবার কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, তিনি জনপ্রতিনিধিদের বাঁশের বেড়া অপসারণ কাজে সহায়তা করতে বলেছিলেন। জনপ্রতিনিধিরা তাকে (মৎস্য কর্মকর্তাকে) জানিয়েছিল সবাই বাঁশের বেড়া অপসারণ করে নিয়েছে। এখন যেহেতু বেড়া থাকার অভিযোগ উঠেছে সেহেতু তিনি দ্রুত নিজে তা অপসারণ করবেন।