মৌলভীবাজারে জীবিকার সংকটে মৎস্যজীবীরা
মৌলভীবাজারের মৎস্যজীবীরা প্রতিদিনই হাওরে মাছ ধরতে যান, কিন্তু মাছ খুব একটা মিলছে না। অনকেকে খালি হাতেই ঘরে ফিরতে হচ্ছে। অন্যরা যা পান, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কেউ কেউ মাঝেমধ্যে ত্রাণ পান। তা দিয়ে দু-এক দিন চলে। এরপরই কোথাও না কোথাও হাত পাততে হচ্ছে।
গতকাল সোমবার সকালে সদর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের কালাইপুরা গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের অনেক বাড়ির চারদিকে ঢেউ খেলছে পানি। কারও উঠানে পানি, কারও উঠানে থকথক করছে কাদা। কারও ঘর থেকে পা ফেললেই পানি। নৌকা ছাড়া ঘর থেকে বের হওয়ার উপায় নেই। হাওরে যাওয়ার জন্য বেশ কিছু বাড়ি থেকে নৌকা নিয়ে বের হয়েছেন জেলেরা। নৌকাবোঝাই জাল।
কালাইপুরা গ্রামটি পড়েছে সদর উপজেলার একাটুনা ও আখাইলকুরা ইউনিয়নে। আর কাউয়াদীঘি হাওর পড়েছে সদর ও রাজনগর উপজেলায়। একাটুনা ইউনিয়নের কালাইপুরা গ্রামের রেনু মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘হকলতা যারগি পানির মোড় (সবকিছু পানির নিচে চলে যাচ্ছে)। গরিব মানুষ। বছর বছর বাঁশবেড়া দিয়া ঘর বানাই। ৫০-৬০ হাজার টাকা খরচ অয়। এমনিতেই এবার পানিয়ে খেত (বোরো ধান) খাইলিছে। হকল মরাত (সবাই ক্ষতিগ্রস্ত)। এখন চতুর্দিকে পানি। কিন্তু মাছ মিলে না। সারা দিনে দুই-আড়াই শ টাকার মাছ পাই। কোনো দিন খাওয়ার মাছ মিলে। আফাল (ঢেউ) থাকলে কিছুই মিলে না। এক কেজি চাউলর দাম ৫০ টাকা। আটজনের পরিবার। উপাসকাপাস করি চলি। মাঝেমধ্যে ঋণ করি।’ রেনু মিয়া বলেন, তিনি নিবন্ধিত মৎস্যজীবী। এ পর্যন্ত মাত্র একবার ছয় কেজি চাল সাহায্য পেয়েছেন।
নৌকা নিয়ে মাছ ধরতে হাওরে যাচ্ছিলেন আখাইলকুরা ইউনিয়নের খইশাউড়া গ্রামের সাজ্জাদ আলী। তিনি বলেন, ‘মাছ ধরতে যাইরাম। সন্ধ্যা পর্যন্ত মাছ ধরমু। বন্যার কারণে দিনে এক শ-দেড় শ টাকার মাছ মিলে। আমার কার্ডও (নিবন্ধনপত্র) নাই। কোনো সাহায্যও পাইছি না।’
সদর উপজেলার একাটুনা ও আখাইলকুরা এবং রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কালাইপুরা, খইশাউড়া, খোজারগাঁও, কানিয়া, নারাইনপুর, বড়বাড়ি, চঙবাড়ি, অন্তেহরি, কাদিপুর, জুমাপুরসহ পাশাপাশি গ্রামগুলোতে কয়েক হাজার মৎস্যজীবী পরিবারের বাস। এসব গ্রামের মৎস্যজীবীরা কাউয়াদীঘি হাওর থেকে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তাঁরা বলেন, অন্য বছর বর্ষার এই সময়টিতে হাওরে পানি অনেক কম থাকত। একজন মৎস্যজীবী দিনে ৪০০-৫০০ টাকার মাছ ধরতে পারতেন।
কালাইপুর গ্রামের টুনু মিয়ার বাড়ির উঠানে পানি। বারান্দায় বসে কোনো নারী জাল বুনছেন। কেউ তরকারি কুটছেন। টুনু মিয়া বলেন, ‘১০ কিয়ার (বিঘা) খেত করছিলাম। সব পানিয়ে ভাসাই নিছে। খেত করি ১৭ হাজার টাকা দেনা অইছে। কিলা (কীভাবে) শোধ করতাম? পানি কমলে না রুজি করতাম। দিনে দুই-আড়াই শ টাকার মাছ পাই। এই টাকায় খালি চাউল কিনলেই চলেনি। অন্য খরচা আছে। ওষুধও লাগে। টানাটানি করি কোনো রকম চলরাম। কোনো সহযোগিতা পাইছি না।’
একই বাড়ির রাবেয়া বেগম, হুছনা বেগম বলেন, তাঁরা কোনো সাহায্য পাননি। তবে রুজিনা বেগম বলেন, তিনি আট কেজি চাল পেয়েছেন।
খইশাউড়া গ্রামের ইলাল মিয়া বলেন, তাঁরা ১৩ জন প্রত্যেক দিন দুটি নৌকা নিয়ে কাউয়াদীঘি হাওরে মাছ ধরতে যান। সবাই মিলে দুই-আড়াই হাজার টাকার মাছ পান। এতে প্রতিজনে ১০০-১৫০ টাকা পান। কোনো দিন খালি হাতে ফিরে আসেন। তিনি ১০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। আগাম বন্যার কারণে এক মুঠো ধানও ঘরে তুলতে পারেননি।
একাটুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু সুফিয়ান বলেন, ‘আমার ইউনিয়নে দুই থেকে আড়াই হাজার মৎস্যজীবী আছে। এদের দুই-চারজন বাদে সবাই অভাবে। তবে আমার ইউনিয়নে এমন কেউ নাই, যে ত্রাণ পায়নি। এ পর্যন্ত ১৪ টন চাল ও ৫ টন গম বিতরণ করা হয়েছে।’
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১৩ হাজার ৪০০ নিবন্ধিত মৎস্যজীবী আছেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের বাইরেও অনেক মৎস্যজীবী রয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুছ আকন্দ বলেন, এবার আগাম বন্যা হওয়ায় মাছের উৎপাদন ভালো হয়েছে। তবে এই সময়ে মাছ কিছুটা কম ধরা পড়ে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, মৎস্যজীবীদের জন্য এখানে আলাদা কোনো কর্মসূচি নেই। সাধারণ বরাদ্দের আওতায় তাঁরা ত্রাণ পাচ্ছেন।