মৌলভীবাজারে জেলা বিএনপির দুই পক্ষের পৃথক তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আগামীকাল শনিবারের সিলেট সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারে জেলা বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে তৎপরতা চালাচ্ছে।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এবং কেন্দ্রীয় বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন ওই দুটি পক্ষ আলাদাভাবে সভা-সমাবেশ করছে।
পাশাপাশি তারা আলাদাভাবে বিলবোর্ড, ব্যানার স্থাপন ও তোরণ নির্মাণ করছে। দুটি অংশ পৃথকভাবে সিলেটের সমাবেশে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে।
দল থেকে জানা গেছে, সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন পক্ষ গত মঙ্গলবার নাসের রহমানের মৌলভীবাজার সদর উপজেলার বাগানবাড়িতে বৈঠক করেছে। এরই মধ্যে খালেদা জিয়ার জনসভায় যোগদানের আহ্বান জানিয়ে এম নাসের রহমানের ছবিসংবলিত পোস্টার মৌলভীবাজার শহরের বিভিন্ন দেয়ালে সাঁটা হয়েছে। নাসের রহমানের নেতৃত্বাধীন পক্ষ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে প্রায় ৪০টি বিলবোর্ড, ১০-১২টি তোরণ এবং অনেকগুলো ব্যানার স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
অপরদিকে খালেদা রব্বানীর নেতৃত্বাধীন পক্ষও আলাদাভাবে জনসভায় যোগদান করতে তৎপর রয়েছে। এ পক্ষের উদ্যোগে গত বুধবার শেরপুরে খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে।
একইভাবে আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল বের করা হবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। এ পক্ষ থেকে শেরপুরে প্রায় ৩০টি বিলবোর্ড এবং দুটি তোরণ স্থাপন করা হয়েছে।
এ পক্ষের নেতা মিজানুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার জনসভায় যোগদান করতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের দিক থেকে ৬০ থেকে ৭০টি বাস যাবে।’