মৌলভীবাজারে টিলার মাটি কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নে বিভিন্ন টিলার মাটি কেটে নেওয়া হচ্ছে। মাটি কাটার ফলে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অপরদিকে কাটা অংশের আশপাশের ঘরবাড়ি ঝুঁকিতে পড়েছে। বৃষ্টির মৌসুমে মাটি গলে এসব স্থানে ধস ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এই এলাকায় ঘরবাড়ি বিপন্ন করেই চলছে টিলার মাটি কাটা।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের বিভিন্ন টিলা থেকে অনেক দিন ধরে মাটি কেটে নেওয়া হচ্ছে। টিলা থেকে মাটি কাটা তাদের অনেকের কাছে একটি স্বাভাবিক ঘটনা। মাটি কাটার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধের বিষয়টি এখানে কোনো কাজে আসছে না। এতে এই এলাকায় ভূমিধস ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। কাগাবলা ইউনিয়নের আথানগিরি ও বুরুতলা এলাকায় এই মাটি কাটার প্রবণতা বেশি বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
বুরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুটি টিলা থেকে সম্প্রতি মাটি কেটে নেওয়া হয়েছে। মাটি কেটে নেওয়ার কারণে স্থান দুটিতে বিশাল গর্ত তৈরি হয়েছে। এই গর্তজুড়ে লাল মাটির শরীর বেরিয়ে পড়েছে। এই মাটি কাটার স্থানটির পাশেই ঘরবাড়ি। এই ঘরবাড়ি এখন ঝুঁকির মধ্যে পড়েছে।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, মাটি কাটার প্রবণতা বন্ধ হচ্ছে না। এতে বর্ষা মৌসুমে টানা বৃষ্টি হলে এলাকার বিভিন্ন টিলায় ধসের সৃষ্টি হচ্ছে। সম্প্রতি বুরুতলার যে দুটি টিলায় মাটি কাটা হয়েছে, আগামী বর্ষায় বৃষ্টির সময় এই টিলা দুটিতেও ধস দেখা দিতে পারে। এতে পাশের বাড়িগুলোর ঘর ধসে পড়ার আশঙ্কা আছে। জানমালের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। শুধু এই দুটি টিলাতেই নয়, বুরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভেতরের দিকে প্রায় আধা কিলোমিটারের মধ্যে এ রকম তিন-চারটি স্থানে মাটি কেটে নেওয়ার নতুন ও পুরোনো গর্ত দেখা গেছে। এ ছাড়া অনেকের বাড়ির মধ্যেও টিলা কেটে মাটি নেওয়ার নতুন ও পুরোনো গর্ত আছে, যার কোনো কোনোটিতে এরই মধ্যে ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। এই এলাকায় সরকারি টিলাভূমি থেকেও বিভিন্ন সময় মাটি কেটে নেওয়া হয় বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
কাগাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস সালাম বলেন, ‘বুরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে টার্নিংয়ের লাগা বাড়িতে টিলার মাটি কাটা হয়েছে। এগুলো ব্যক্তিমালিকানাধীন টিলা। আমি তাঁদের (টিলার মালিকদের) বলেছি যা কাটার কেটে ফেলেছ, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এ রকম টিলার মাটি আর কাটা যাবে না। টিলার মাটি কাটায় সরকারি বিধিনিষেধ আছে।’
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম খান বলেন, ‘এই এলাকায় মাটি কাটার অভিযোগ মানুষের মুখে মুখে শুনি। কিন্তু কেউ নির্দিষ্ট করে কারা মাটি কাটার সঙ্গে জড়িত, এমন কারও নাম-ঠিকানা দিতে পারে না। নাম-ঠিকানা পেলে ব্যবস্থা নিতে পারতাম। তবে এই এলাকার চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে মাটি কাটা রোধে অচিরেই কার্যক্রম শুরু করব।’