মৌলভীবাজারে তদন্ত দলের বধ্যভূমি পরিদর্শন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল সোমবার মৌলভীবাজারের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছে। এ সময় তদন্ত দল একাত্তরের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো বিভিন্ন অপরাধের প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য নেয়।দলটি গত রোববার রাতে মৌলভীবাজার আসে। সাত সদস্যবিশিষ্ট এ দলের নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়কারী আবদুল হান্নান খান। পরিদর্শনকালে দলটির সঙ্গে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। দলটি গতকাল মৌলভীবাজার সার্কিট হাউসে জেলা ও পুলিশ প্রশাসনসহ মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর তারা জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বধ্যভূমি পরিদর্শন করে। এ সময় সাক্ষীরা জানান, ১৯৭১ সালের ৭ মে পাকিস্তানি হানাদার বাহিনী পাঁচগাঁও গ্রামে ঢোকে। তারা গ্রামের বাসিন্দাদের একটি পুকুরপাড়ে জড়ো করে একজনের সঙ্গে আরেকজনকে বেঁধে পানিতে ফেলে দেয়। তারপর তাঁদের গুলি করে। সেদিন গ্রামের অর্ধশত মানুষ শহীদ হন। পুড়িয়ে দেওয়া হয় অনেকের ঘরবাড়ি।এরপর তদন্ত দলটি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগ্রামের বধ্যভূমিতে যায়। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকবাহিনী গ্রামের সুরীতি মোহন ধর চৌধুরীর পরিবারের ১৪ জনকে গুলি করে হত্যা করে। পরিবারের সদস্যরা জানান, এখনো বাড়ির একটি দেয়ালে সেই গুলির চিহ্ন রয়েছে। বিকেলে তদন্ত দলটি শ্রীমঙ্গলের ভাড়াউড়া বধ্যভূমি পরিদর্শন করে। দলের সমন্বয়কারী আবদুল হান্নান বলেন, ‘তদন্তে এমন অনেকের সাক্ষ্য পাওয়া গেছে যাঁদের শরীরে এখনো গুলির দাগ আছে। সাক্ষীদের মধ্যে বীরাঙ্গনারাও আছেন। এসব মানুষের দেওয়া তথ্য থেকে অঞ্চলগুলোতে গণহত্যার চিত্র ফুটে উঠেছে।’