মৌলভীবাজারে তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় গত দুই দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুত্ সমিতির (পবিস) প্রায় ৩১ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েন। এর মধ্যে জুড়ী ও বড়লেখা উপজেলায় ২৩ ঘণ্টা বিদ্যুত্ ছিল না। কুলাউড়া উপজেলাবাসীও ছয় ঘণ্টার বেশি সময় বিদ্যুত্হীন থাকে।পিডিবির কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জে পিডিবির উপকেন্দ্র এবং কমলগঞ্জের পবিস উপকেন্দ্র থেকে দুটি পৃথক উত্স লাইন দিয়ে কুলাউড়া উপকেন্দ্রের কার্যক্রম চলে। গত বুধবার কুলাউড়া উপকেন্দ্রের বড়লেখা সরবরাহ লাইনের চারটি জায়গায় হঠাত্ ত্রুটি দেখা দেয়। এতে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জুড়ী ও বড়লেখা বিদ্যুত্হীন থাকে। পরে বিদ্যুত্ বিভাগের কর্মীরা ত্রুটি সারালে সরবরাহ লাইনটি সচল হয়। কিন্তু ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্রের উত্স লাইনে ত্রুটি দেখা দিলে গতকাল দুপুর সাড়ে ১২টায় তিনটি উপজেলাই বিদ্যুত্হীন হয়ে যায়। কুলাউড়া ও জুড়ীতে পিডিবির প্রায় ২০ হাজার এবং বড়লেখায় পবিসের প্রায় ১১ হাজার গ্রাহক রয়েছেন।কুলাউড়ার পিডিবির কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ফেঞ্চুগঞ্জের উত্স লাইনে সমস্যা দেখা দেওয়ার পর তাঁরা বিকল্প সুবিধা পেতে কমলগঞ্জের পবিস উপকেন্দ্রে যোগাযোগ করেন। কিন্তু সেখানকার কর্মকর্তারা ত্রুটির কথা জানিয়ে লাইনটি চালু করেননি।তিন উপজেলায় বিদ্যুৎ না থাকার সত্যতা নিশ্চিত করে কুলাউড়ার পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের জানান, ফেঞ্চুগঞ্জের উৎস লাইনের ত্রুটি সারানোর পর গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।