মৌলভীবাজারে ত্রাণের ১৮ বস্তা চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের মালগুদাম থেকে ১৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। ত্রাণের ওই চাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে রেখে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এই চাল জব্দ করেন। জানা গেছে, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আট টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ করা ১৮ বস্তা চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদের মালগুদামে রেখে দেওয়া হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী গতকাল ওই গুদামে গিয়ে চাল জব্দ করেন। এ সময় ওই মালগুদামও সিলগালা করে দেওয়া হয়। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী বলেন, আটটি ওয়ার্ডে চাল বিতরণ শেষ হলেও ১ নম্বর ওয়ার্ডে এখনো চাল বিতরণ করা হয়নি। জব্দ করা চাল ১ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।