মৌলভীবাজারে দুই দিনে কালবৈশাখীতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গত দুই দিনে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলাগুলোর চারটি নদনদীর পানি বাড়ছে। খেতের আধাপাকা বোরো ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। ঝড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল সোমবার সকাল নয়টা থেকে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাত থেকে গতকাল বিকেল পর্যন্ত কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দফা শিলাবৃষ্টি ও ঝড় হয়। কুলাউড়ার কুকসিভইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন, জুড়ীর গোয়ালবাড়ী ইউপির চেয়ারম্যান শাহাবুদ্দীন ও বড়লেখার সদর ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, ঝড়ে তাঁদের ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৪০০ কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন বাড়ির গাছপালা উপড়ে গেছে।কৃষকেরা জানান, দুই সপ্তাহ আগে মৌসুমের প্রথম বৃষ্টি ও ঢলে হাকালুকি হাওরপারের প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো খেত তলিয়ে ফসল নষ্ট হয়ে যায়। যেটুকু অবশিষ্ট আছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তা রক্ষা করা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের প্রথম আলোকে জানান, ঝড়ে কুলাউড়া-জুড়ী-বড়লেখা বিদ্যুৎ লাইনের কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা লাইন মেরামতের কাজ করছেন। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম বলেন, ‘যেসব কৃষকের অন্তত ৭৫ শতাংশ ফসল পেকে গেছে, তাঁদের সেই ফসল কেটে ফেলার অনুরোধ করেছি।’