মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার বরকাপন ও বড়হাট এলাকায় গত মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি দোকান, দুইটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী জানান, বিভিন্ন দোকানে চাঁদা চাওয়ার অভিযোগে পৌর কাউন্সিলর মো. মাসুদ গত সোমবার বড়হাট এলাকার মিছির নামের এক যুবককে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেন। এ নিয়ে মাসুদের সমর্থক ও বড়হাট এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত মঙ্গলবার এলাকার মুরব্বিদের মধ্যে বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। আহত ব্যক্তিদের মধ্যে বড়হাট এলাকার ফুলনেছা বেগমকে (৩০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বড়হাট এলাকার বাসিন্দা ও পৌর কাউন্সিলর জালাল আহমদ গতকাল বুধবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কাউন্সিলর মাসুদ প্রায়ই লোকজনকে ধরে এনে নির্যাতন করেন। মিছির নিরীহ ছেলে। সে চাঁদাবাজ নয়। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মাসুদ বলেন, ‘আমি অকারণে কাউকে নির্যাতন করি না। মিছির এলাকার বিভিন্ন দোকানে প্রায়ই চাঁদা চায়। তাই তাকে ধরে পুলিশে দিয়েছি।’