মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদরের কাগবলা ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছে। এ সময় কাগাবলা বাজারের ৮-১০টি দোকান ও সেখানে থাকা একটি গাড়ি ভাঙচুর করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাগাবলা বাজারে একটি ভিডিও দোকানে আপার কাগাবলা গ্রামের জুয়েল ও আথানগিরি গ্রামের আমির নামের দুই শিশুর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে বাজারের দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন বাজারের ৮-১০টি দোকানে ভাঙচুর করে। ইট ছোড়াছুড়ি চলতে থাকে। ঘণ্টা খানেক সংঘর্ষ চলে। ইটের আঘাতে অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লামা কাগাবলা গ্রামের আহত মাসুক মিয়াসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে আথানগিরির তাজউদ্দিন, সোহেল আহমদ, আপার কাগাবলার হাফিজ আহমদ, কুতুব মিয়া, আবদুর রহিম, আলালসহ অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে গতকাল শুক্রবার সকালে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ, র্যাব, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান এবং স্থানীয় মুরব্বিরা সালিসে বসে বিষয়টি মীমাংসা করেন। কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান গতকাল শুক্রবার বলেন, আর যাতে কোনো সমস্যা না হয়, এ জন্য তাঁরা সতর্ক আছেন।