মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, গ্রেপ্তার ১৪
মৌলভীবাজার সদর উপজেলার মাশকান্দি গ্রামে গত রোববার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের ১২টি শেল ও চারটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে মো. এলো, জুয়েল মিয়া ও আলমগীর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মৌলভীবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে রোববার বিকেল পাঁচটার দিকে একই গ্রামের পবন উল্লা ও রুস্তম উল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন লাঠি, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পরে দাঙ্গা পুলিশের একটি দল সেখানে যায়। সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের ১২টি শেল ও চারটি ফাঁকা গুলি ছোড়া হয়।