মৌলভীবাজারে দুই মাসে ১৩টি ট্রান্সফরমার চুরি
মৌলভীবাজারে গত দুই মাসে বিদ্যুতের ১৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে গ্রাহকেরা।পল্লী বিদ্যু ৎ সমিতির জেলা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসে মৌলভীবাজার সদরের শ্যামেরকোনা, আসিয়া, মুকুন্দপুর ও কামালপুর এবং কুলাউড়া উপজেলার বরমচাল থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ছাড়া গত জুন মাসে চুরি হয়েছে আটটি ট্রান্সফরমার।শ্যামেরকোনা এলাকার গ্রাহক মতিন বখশ জানান, নতুন ট্রান্সফরমার কিনতে গ্রাহকদের টাকা দিতে হয়। এটা গ্রাহকদের ওপর বাড়তি চাপ।তবে সমিতি কার্যালয় সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো এলাকায় বিদ্যু ৎ সরবরাহের জন্য প্রথমবার বিনা মূল্যে ট্রান্সফরমার স্থাপন করা হয়। কিন্তু সেটি প্রথমবার চুরির বেলায় ৫০ শতাংশ এবং এর পর থেকে প্রতিবার চুরির বেলায় গ্রাহকদের কাছ থেকে পুরো দাম নিয়ে তবেই নতুন ট্রান্সফরমার দেওয়া হয়।সমিতির মৌলভীবাজারের উপমহাব্যবস্থাপক রাজ্জাকুর রহমান প্রথম আলোকে জানান, জেলার বাইরে থেকে চোর এসে ট্রান্সফরমার চুরি করছে। তবে স্থানীয় কেউ তাদের সহযোগিতা করে। পুলিশ বা সমিতির লোক দিয়ে এ চুরি ঠেকানো কঠিন। এ ব্যাপারে গ্রাহকদের সচেতন হতে হবে।