মৌলভীবাজারে দুই যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে পুলিশ গতকাল শুক্রবার সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে। এর একজনকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুর (ঈশানকর) এলাকার ধানখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম মাসুক মিয়া (৩০)। তিনি শ্রীমঙ্গল উপজেলা সদরের মৃত আবদুল আহাদের ছেলে। তিনি মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে অটোরিকশা চালাতেন এবং গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, মাসুককে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। তাঁর লাশের পাশে একটি রশি পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।অপর লাশটি পাওয়া গেছে জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতলা এলাকার মনু নদীর বাঁধের পাশের একটি ডোবায়। নিহতের নাম দেলোয়ার হোসেন (২৬)। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজুড়া গ্রামের নূর মিয়ার ছেলে। দেলোয়ার হোসেন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন।পুলিশ গতকাল অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাসেল (২৫) ও মো. সুমন (২৬) নামের পাহাড় বর্ষিজুড়া গ্রামের দুই যুবককে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহূত অটোরিকশাটি আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দুই যুবকের লাশ উদ্ধার ও দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, দুটি ঘটনায় মামলা হবে।