মৌলভীবাজারে দুই শিশুর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুহেল,ইমন
সুহেল,ইমন

মৌলভীবাজারে ইমন (১২) ও সুহেল (৮) নামে দুই শিশুর সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার পুলিশ তাদের উদ্ধার করে। জেলা সমাজসেবা অধিদপ্তর তাদেরকে তাদের অভিভাবকদের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শুক্রবার ইমন ও সুহেলকে পুলিশ মৌলভীবাজার শহরের কোর্ট রোড এলাকা থেকে উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঠিকানা জানার চেষ্টা করা হয়। কিন্তু সঠিক ঠিকানা ও বাবা-মায়ের পরিচয় দিতে না পারায় গত সোমবার বিকেলে তাদের বিচারিক আদালতে পাঠানো হয়। আদালত নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
সে অনুযায়ী সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাদের সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশের সহযোগিতায় সোমবার রাতেই তাদের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের বাঘবাড়িতে শিশু ও নারীদের নিরাপদ আবাসনকেন্দ্রে পাঠানো হয়।
সমাজসেবা অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তা কামরুন নাহার বলেন, অনেকক্ষণ কথা বলার পর ইমন জানিয়েছে যে তার বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিজ্যা গ্রামে। তার বাবা মাহবুবুর রহমান কৃষি ব্যাংকে চাকরি করেন। তার মায়ের নাম সালেহা বেগম। বছর খানেক আগে তাকে কে বা কারা বাড়ি থেকে নিয়ে আসে। এরপর সে একটি বাড়িতে বন্দী ছিল। পরে সে কৌশলে পালিয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া এবং পরে মৌলভীবাজারে আসে। এর বেশি তার কিছু মনে নেই।
অপর দিকে সুহেল তাকে জানিয়েছে, সে ঢাকার বসুন্ধরা এলাকার কাঁঠালতলি নামক এলাকায় থাকত। বাবা-মা নেই। সৎমা মারধর করেন, খাবার দেন না। এ জন্য সে আর সৎমায়ের কাছে যেতে চায় না। কিন্তু কীভাবে এখানে এসেছে তা সে জানে না।
কামরুন নাহার জানিয়েছেন, তাঁরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদের দেওয়া ঠিকানা যাচাই করে প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের চেষ্টা করবেন।