মৌলভীবাজারে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে পরিবহনশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রশাসন, জনপ্রতিনিধি, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি), পরিবহনশ্রমিক নেতাদের যৌথ সভা শেষে অনির্দিষ্টকালের জন্য ডাকা এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতিও তাদের ধর্মঘট স্থগিত করেছে।

জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে গত বৃহস্পতিবার গাড়ি পাশ কাটানোকে কেন্দ্র করে বিজিবি ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। এর জের ধরে পরিবহনশ্রমিকদের তিনটি সংগঠন ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ডাকে শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এর মধ্যে ওই দিন শ্রমিকদের এক প্রতিবাদ সমাবেশে গতকাল থেকে মৌলভীবাজার জেলাব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে পুরো জেলায় অচলাবস্থার সৃষ্টি হয়।

গতকাল বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গলের বিটিআরআই রেস্টহাউসে প্রশাসন, জনপ্রতিনিধি, বিজিবি ও পরিবহনশ্রমিক নেতাদের মধ্যে সভা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সভায় জেলা প্রশাসনের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিপূরণ প্রদান, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়। এরপর পরিবহন নেতারা সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। ব্যবসায়ী সমিতিও তাদের ধর্মঘট স্থগিত করে।

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সনজিত কুমার দেব গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। তদন্ত কমিটি সবকিছুর খুঁটিনাটি তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণ করবে। এরপর আহতদের চিকিৎসাসহ সব ক্ষতিপূরণ প্রদান করা হবে।’

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান বলেন, ‘বিজিবি, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি ক্ষতিপূরণ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় ১৪ জানুয়ারি পর্যন্ত আমরা ধর্মঘট স্থগিত করেছি। এই সময়ের মধ্যে সমাধান না হলে ১৫ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, আজ রোববার থেকে জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ করবে। সাত দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।