মৌলভীবাজারে ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুরা ইকো পার্কে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: চাঁদপুরের মমিন মিয়া (২৫), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খোকন মিয়া (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার হানিফ মিয়া (২৪)। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা চালান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই কিশোরী গত শনিবার বিকেলে ঢাকা থেকে বাসযোগে মৌলভীবাজার পৌরসভার কোদালিছড়া বাসস্ট্যান্ডে এসে নামে। সোনাপুর এলাকায় মামার বাসায় যাওয়ার জন্য সে একটি রিকশায় ওঠে। এ সময় বাসস্ট্যান্ড থেকেই তার পিছু নেন ওই তিন ব্যক্তি। রিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের কদুপুর এলাকায় পৌঁছার পর তাঁরা মেয়েটিকে রিকশা থেকে নামিয়ে পৌরসভার বাইরে বর্ষিজুরা ইকো পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাঁরা তাকে তার মামার বাসার কাছে ফেলে রেখে যান। রাতে মেয়েটি পুরো ঘটনা তার মামা-মামিকে জানালে বিষয়টি তাঁরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেনকে জানান। পরে আসাদ হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ হোসেন ঘটনার বিবরণ অনুযায়ী অনুসন্ধান চালিয়ে রোববার রাতে ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।কাউন্সিলর আসাদ হোসেন জানান, মেয়েটির মা-বাবা নেই। মামার কাছেই বড় হয়েছে। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় মেয়েটির মামা তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।