মৌলভীবাজারে নমুনা পরীক্ষায় জট, সংক্রমণ ছড়ানোর শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ।
ফাইল ছবি

মৌলভীবাজারে করোনা নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হয়েছে। জেলার প্রায় এক সপ্তাহের নমুনা ল্যাবে পড়ে আছে। এদিকে নমুনা জমা দেওয়ার পর অনেকেই কোয়ারেন্টিনের নিয়ম মানছেন না। যত দিনে তাঁদের করোনা পজিটিভ প্রতিবেদন আসছে, তত দিন ঘরের বাইরে গিয়ে মানুষজনের সঙ্গে মিশছেন। এতে করে জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে করোনা পরীক্ষার জন্য সংগৃহীত নমুনা পাঠানো হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানকার পিসিআর ল্যাবে মৌলভীবাজার থেকে পাঠানো প্রায় এক সপ্তাহে ১ হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষার অপেক্ষায় পড়ে আছে। এখন পর্যন্ত গত ২৯ জুলাই পাঠানো নমুনাগুলোর পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

ওই পিসিআর ল্যাবে জট সৃষ্টি হওয়ায় গত দুদিন মৌলভীবাজার থেকে ঢাকায় নমুনা পাঠানো হচ্ছে। আগামী এক সপ্তাহ ঢাকায় নিয়মিত নমুনা পাঠানো হবে। এতে করে নমুনা পরীক্ষার ফল পেতে আরও বেশি দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কম। উপসর্গ থাকলেও অনেকে পরীক্ষার জন্য নমুনা দিতে চান না। আবার যাঁরা দেন, তাঁদের বেশির ভাগই নিয়ম মানতে চান না। নিয়মানুযায়ী, নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগপর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হয়। সেই নিয়ম ভেঙে তাঁরা ঘরের বাইরে গিয়ে মানুষজনের সঙ্গে মিশছেন। পরে প্রতিবেদন এলে দেখা যাচ্ছে, তাঁরা করোনা পজিটিভ। ফলে তাঁদের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। ওদিকে নমুনার ফল আসতে দেরি হওয়ায় জেলায় সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রথম আলোকে বলেন, মানুষ সচেতন হলে নমুনা পরীক্ষা বিলম্বে হলেও ঝুঁকি বাড়ে না। নিয়ম হলো, করোনার উপসর্গ থাকলেই সবার থেকে পৃথক থাকা। নমুনা দেওয়ার পর আইসোলেশনে থাকতে হবে। কিন্তু নমুনা দিয়েও কেউ ঘুরে বেড়ালে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তো বাড়বেই।

করোনা রোগী ছয় হাজার ছাড়াল

মৌলভীবাজারে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। সম্প্রতি নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বেড়েছে।

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে মৌলভীবাজারের ২৭০ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন মিলেছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। শনাক্তের হার ৩৩ দশমিক ৭। এর মধ্যে মৌলভীবাজার সদরে ২ জন, জুড়ীতে ৪ জন, শ্রীমঙ্গলে ২০ জন, কমলগঞ্জে ২০ জন, বড়লেখায় ২ জন, কুলাউড়ায় ৩৩ জন এবং রাজনগরে ১০ জন রয়েছেন। একই সময়ে নতুন ৫ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ জন।

নতুন ৯১ জন নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগী এখন ৬ হাজার ৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন জেলার ৬১ জন।