মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সোমবার বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: সিলেটের ওসমানীনগর থানার ভাড়েরা গ্রামের মানিক মিয়ার ছেলে আজাদ মিয়া (১৫), একই থানার নূরপুর গ্রামের ছমরু মিয়ার শিশুকন্যা আয়েশা বেগম (৯) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের সুহেল মিয়া (২৫)। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে বাউরভাগ এলাকায় সিলেটগামী একটি বাস মৌলভীবাজারগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শাহীনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।কেন্দুয়ায় নিহত ১: নেত্রকোনার কেন্দুয়ায় বয়স্কভাতা নিতে যাওয়ার সময় গতকাল টমটমের চাপায় আবদুল মালেক ওরফে কেন্তু মিয়া (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছবিলা গ্রামের আবদুল মালেক ব্যাংক থেকে ভাতা আনার জন্য টমটমে চড়ে কেন্দুয়া যাচ্ছিলেন। কেন্দুয়া-নেত্রকোনা সড়কের শেওড়া এলাকায় টমটমটি অন্য একটি টমটমকে অতিক্রম করার সময় তিনি চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা টমটমের চাপায় আবদুল মালেক ঘটনাস্থলেই নিহত হন।