মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট
মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তিন দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে।পরিবহন-মালিক শ্রমিক সূত্র জানায়, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলীসহ পরিবহন নেতাদের নামে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার, বাস-মিনিবাস-শ্রমিক ইউনিয়নের শেরপুর শাখার পক্ষ থেকে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিতে ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। এতে গতকাল ভোর ছয়টা থেকে মৌলভীবাজারে সব ধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।সৈয়দ মফচ্ছিল আলী বলেন, ‘আমি ব্যবসা-বাণিজ্য করে চলি। চুরি-চাঁদাবাজি করি না। আমার বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই।’ তিনি আরও বলেন, আজ শুক্রবার থেকে পুরো সিলেট বিভাগে ধর্মঘট শুরু হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, ধর্মঘটে বাস ও মিনিবাস চলছে না। তবে ধর্মঘট চলাকালে কোথাও কোনো সমস্যা হয়নি। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের তরফ থেকে চেষ্টা চলছে। কিন্তু শুনছি আজ শুক্রবার থেকে ধর্মঘট আরও সম্প্রসারিত হচ্ছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’