মৌলভীবাজারে পরিবহনশ্রমিকদের ধর্মঘট চলছে
মৌলভীবাজারে পরিবহনশ্রমিকদের ধর্মঘট চলছে। বিজিবি ও পরিবহনশ্রমিকদের মধ্যে এক সংঘর্ষের জের ধরে গত শুক্রবার ভোর ছয়টা থেকে শ্রীমঙ্গলে পরিবহনশ্রমিকদের তিনটি সংগঠন এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে ধর্মঘটের ডাক দিয়েছিল।
এদিকে দাবি পূরণ না হওয়ায় গতকাল শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংক লরি, কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এক প্রতিবাদ সমাবেশ করে আজ ভোর ছয়টা থেকে সারা জেলায় ধর্মঘট সম্প্রসারণ করে।
ধর্মঘটে যাত্রীসাধারণ ছাড়াও সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা দুর্ভোগের শিকার হয়েছেন। আজ সকালে সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাস স্ট্যান্ড, মৌলভীবাজার-শমশেরনগর সড়কের মৌলভীবাজার শহর এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড, শহরের চৌমোহনা এলাকায় পরিবহনশ্রমিকেরা গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন। পরীক্ষার্থীদের নিয়ে আসা যানবাহন শহরের বাইরে আটকে দিচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন, পরিবহনশ্রমিকেরা বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার গাড়ি বন্ধ আছে। মৌলভীবাজার শহরের ঢাকা বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। অনেক পরিবহনের কাউন্টার বন্ধ রয়েছে। তবে মৌলভীবাজার শহরের ভেতরে কিছু সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সনজিত কুমার দেব আজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধর্মঘট চলছে। তবে জরুরি কাজে নিয়োজিত ও পরীক্ষার্থীদের বহনকারী গাড়ি ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। এ ছাড়া দূরপাল্লার যেসব গাড়ি চলে আসছে, সেগুলো ঢাকা-সিলেট বাইপাস দিয়ে চলতে দেওয়া হচ্ছে।’ সভাপতি বলেন, প্রশাসন তাঁদের সঙ্গে যোগাযোগ করছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি এক সপ্তাহের জন্য তাদের ধর্মঘট স্থগিত করেছে। ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘বিজিবি, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি ক্ষতিপূরণ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় ১৪ জানুয়ারি পর্যন্ত আমরা ধর্মঘট স্থগিত করেছি। এই সময়ের মধ্যে সমাধান না হলে ১৫ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’
মৌলভীবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল আজ শনিবার প্রথম আলোকে বলেন, ধর্মঘট স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না। পুলিশ মোতায়েন আছে।
এদিকে কমলগঞ্জের সড়কগুলোতে অবস্থানরত পরিবহনশ্রমিকেরা লাঠি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এমনকি দূরদূরান্ত থেকে আকস্মিকভাবে আসা কোনো ব্যক্তিগত যান সড়কে এসে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সেটিকে আটকে রাখেন। এর মাঝে রোগী বা জরুরি অবস্থা বিবেচনা করে কিছু গাড়ি ছেড়ে দেন তাঁরা।
এ ঘটনায় আজ শনিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় এক জনসভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনসভায় বক্তারা বলেন, শুরু থেকেই তাঁরা পরিবহনশ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে আছেন। তাঁদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেও তাঁরা দায়ী বিজিবি সদস্যদের শাস্তি দাবি করেন। নেতারা আরও বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘটী পরিবহনশ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। তাঁরা আশা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ে ধর্মঘট প্রত্যাহার হতেও পারে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির এক গাড়িচালকের সঙ্গে এক পরিবহনশ্রমিকের কথা-কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য ও পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।