মৌলভীবাজারে পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর, পাহাড় ও সমতল অঞ্চলের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি নিয়ে পর্যটনের অমিত সম্ভাবনাময় এক জনপদ মৌলভীবাজার। উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্যে সমৃদ্ধ এ অঞ্চলে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর বাস। এসব বিষয় বিবেচনায় রেখে ২০০৮ সালে মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণা করা হয়। কিন্তু বন বিভাগ বিচ্ছিন্নভাবে কিছু উন্নয়নের কাজ করলেও পর্যটকদের আকর্ষণ, তাদের ভ্রমণ ও অবস্থানের সুবিধা এবং নিরাপত্তার জন্য কোনো সমন্বিত কার্যক্রম নেওয়া হয়নি।এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পর্যটন জেলা হিসেবে সমন্বিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি আসার পরও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। পর্যটন যাতে আরও গুরুত্ব পায়, সে উদ্যোগ নেওয়া হবে।’স্থানীয় বাসিন্দারা জানান, জেলার প্রায় সব কটি উপজেলায় ছোট-বড় পাহাড়ি টিলায় রয়েছে চা-বাগান। আছে বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক। জেলা শহরের কাছে রয়েছে বর্ষিজোরা ইকোপার্ক, শহরে হজরত শাহ মোস্তফা (রহ.)-এর মাজার, শহরতলির মনু ব্যারাজ, খোজার মসজিদ, অজ্ঞান ঠাকুরের দেউল। কমলগঞ্জের ধলই সীমান্তে রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ। আছে বিরল প্রজাতির উদ্ভিদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর হ্রদ ও মণিপুরি তাঁতপল্লি। শ্রীমঙ্গলে হাইল হাওর এবং মৎস্য ও পাখির অভয়াশ্রম বাইক্কা বিল, বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পাশাপাশি রাজনগরে কাওয়াদীঘি হাওর, কুশিয়ারা নদীর তীরে কাসিমপুর পাম্প হাউস, কমলা রানীর দীঘিও পর্যটকদের আগ্রহ জাগাতে পারে। এ ছাড়া জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় রয়েছে খাসিয়া, সাঁওতাল, ত্রিপুরাসহ (টিপরা) বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাস এবং তাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড।এসব বৈচিত্র্য বিবেচনায় নিয়ে ২০০৮ সালের ১ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘এসো বাংলাদেশ গড়ি’ রোড শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার প্রায় দুই বছরেও মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে পর্যটক আকর্ষণ, পর্যটকদের পথনির্দেশনা, নিরাপত্তা, থাকা ও বিনোদনের সমন্বিত কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। তবে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, ইতিমধ্যে মাধবকুণ্ডে অনেক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে রাস্তা, মন্দির, বসার জায়গা, নিরাপত্তাবেষ্টনীসহ প্রায় দুই কোটি টাকার কাজ করা হবে। এ ছাড়া সিলেট বিভাগের পর্যটনকেন্দ্রগুলোর সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে একটি প্রস্তাব কিছুদিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি জানান, মাধবকুণ্ডে আসা-যাওয়ার রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে। রাস্তার উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার বলেন, মাধবকুণ্ডে আসা-যাওয়ার রাস্তা সংকীর্ণ। রাস্তা প্রশস্ত না হলে কিছু করা যাচ্ছে না। বর্তমানে ১০ ফুট রাস্তা রয়েছে। দুটি বাস পাশাপাশি হলেই একটার চাকা মাটিতে নেমে যায়। রাস্তা ১৮ ফুট চওড়া করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান।