মৌলভীবাজারে পাহাড়ি ঢলে লক্ষাধিক মানুষ পানিবন্দী
>

জনপ্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে কিছু ত্রাণ দিয়েছেন। তবে সরকারি ত্রাণসামগ্রী কেউ পায়নি। উপজেলা তিনটি হলো কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া
মৌলভীবাজারের তিনটি উপজেলায় বাঁধ ভেঙে লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে বাঁধে ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। জনপ্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে কিছু ত্রাণ দিয়েছেন। তবে সরকারি ত্রাণসামগ্রী কেউ পায়নি। উপজেলা তিনটি হলো কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া।
এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৮৮টি গ্রামের ৭১ হাজার মানুষ পানিবন্দী। লাঘাটা ছড়ার পুরাতন চারটি ভাঙা অংশ দিয়ে আদমপুর, আলীনগর, শমশেরনগর, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের এসব গ্রামে পানি ঢুকেছে।
আদমপুর ইউনিয়নের আদকানী-আদমপুর-কোনাগাঁও রাস্তা, দক্ষিণ তিলকপুর রাস্তা, নঈনারপার-কাঁঠালকান্দি রাস্তা ও হোমেরজান-উত্তর ভানুবিল রাস্তার ওপরে অন্তত ৩ ফুট পানি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ধলাই নদের পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এখানে অন্তত সাত হাজার মানুষ পানিবন্দী।
আলীনগর ইউনিয়নের ১৪টি গ্রামের মানুষ পানিবন্দী। কামুদপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের যাতায়াতের তিনটি রাস্তা ৪ ফুট পানির নিচে। ইউপি চেয়ারম্যান ফজলুল হক বলেন, তাঁর ইউপির ১১ হাজার মানুষ এখন পানিবন্দী।
শমশেরনগর ইউপির ১৮ গ্রামই প্লাবিত হয়েছে। ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, তাঁর ইউপিতে ১৫ হাজার মানুষ পানিবন্দী। পরিবারগুলোকে প্রাথমিকভাবে কিছু সহায়তা দিয়েছেন। শমশেরনগর-সুরানন্দপুর সড়কের শিংরাউলী এলাকা ২ ফুট পানির নিচে। শমশেরনগর-কুলাউড়া সড়কের বিমানবন্দর রেলগেট এলাকায় ২ ফুট পানি।
মুন্সীবাজার ইউনিয়নের ২৩ গ্রাম এখনো প্লাবিত। ইউপি সদস্য শফিকুর রহমান বলেন, এখানে ২০ হাজার মানুষ পানিবন্দী।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ বলেন, এবারের পানির আঘাত অনেকটা ব্যতিক্রমী। ৮৮টি গ্রামের আউশ ফসল রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়বে।
এদিকে মনু নদের চারটি স্থানের বাঁধ ভেঙে রাজনগর উপজেলার ২টি ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৩০ হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। গত রোববার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর ও চাটি কোনাগাঁও এবং টেংরা ইউনিয়নের উজিরপুর ও কোনাগাঁওয়ে বাঁধ ভেঙে যায়।
কামারচাক ইউপির চেয়ারম্যান নজমুল হক বলেন, ‘আমার ইউপির ২০ হাজার মানুষ এখন পানিবন্দী।’
টেংরা ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, লোকজন হরিপাশা বাজারের অব্যবহৃত ভবন, স্কুল কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হরিপাশা গ্রামের তরঙ্গিনী মালাকার বলেন, ‘রাইত ১১টায় ঘরে পানি উঠছে। গলা পর্যন্ত পানি। খানিবনি (খাওয়াদাওয়া) নাই।’
হরিপাশা বাজারের একটি অব্যবহৃত ভবনে হরিপাশা গ্রামের প্রায় ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে। সুকৃতি ধর ও প্রণতি কর বলেন, বাড়িঘরে পানি ওঠায় রোববার রাত আটটার দিকে তাঁরা এই আশ্রয়কেন্দ্রে উঠে আসেন।
সুভাষ কর বলেন, ‘আমরা ৬০টি পরিবার বাজার এলাকায় আশ্রয় নিছি। কাইল রাইত কেউ খাইছে, কেউ না খাইয়াই বারইছে। এখন যার যা পুঞ্জিমতো চিড়া, মুড়ি খায়।’
টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রিপন মিয়া বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে হিন্দুদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি। মুসলিমদের জন্য ইফতারির ব্যবস্থা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) দুপুরের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
এদিকে কুলাউড়া উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত আরও ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী। টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে বাড়িঘর তলিয়ে যাওয়ায় ১০-১৫টি পরিবার বাঁধের শুকনো স্থানে আশ্রয় নিয়েছে। এর আগে শনিবার রাতে পাশের শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।
কুলাউড়া-শমশেরনগর সড়কের ওপর ২-৩ ফুট পানি। মিয়ারপাড়া ইউপির চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে কিছু শুকনো খাবার বিতরণ করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, মনু নদের পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।