মৌলভীবাজারে পুলিশ কর্মকর্তা কুমিল্লায় দুই ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মনতোষ দত্ত (২৯) নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লার কোটবাড়ীতে বেড়াতে গিয়ে গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই ছাত্র নিহত হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, হবিগঞ্জের কর্মস্থল থেকে মনতোষ মোটরসাইকেলে করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ভৈরববাজারে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা তিনটার দিকে মনতোষ মারা যান।
শ্রীমঙ্গল থানার এসআই ওমর ফারুক জানান, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
নবীনগরের ওই দুই ছাত্রের পরিবার জানায়, উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের তিন শিক্ষার্থী স্থানীয় শিবপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রুবেল মিয়া (১৬), সাইদুল হক (১৬) ও এনামুল হক (১৮) রোববার কুমিল্লার কোটবাড়ীতে বেড়াতে যায়। কোটবাড়ীর কাছে আনুমানিক দুপুর আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত ও অপর দুজন আহত হয়। গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনামুল মারা যায়। সাইদুলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।