মৌলভীবাজারে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০
মৌলভীবাজারে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের একজন উপপরিদর্শক ও ছাত্রলীগের সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন।এ ঘটনায় ছাত্রলীগের সভাপতিসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, সোমবার স্থানীয় একটি ওরস উপলক্ষে আয়োজিত মেলায় আসা মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে রাত নয়টার দিকে মেলায় দায়িত্বরত পুলিশ এক যুবককে আটক করে। তাঁকে পুলিশ ভ্যানে তোলার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন, পুলিশের গাড়িচালক সফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমদ, মেলায় আগত মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুরের মো. নাসিরসহ অন্তত ১০ জন আহত হন। আহত সফিকুল ইসলাম ও নাসিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে পুলিশের একটি ভ্যানসহ বেশ কিছু গাড়ি এবং রাস্তার দুই পাশে মেলা উপলক্ষে বসা ভ্রাম্যমাণ দোকানসহ অন্তত ১০-১৫টি দোকান ভাঙচুর করা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মী ও স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার পৌরসভার বেরিরপাড় এলাকায় সড়ক অবরোধ করে। এতে অবরোধস্থলের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাত ১০টার দিকে পুলিশ লাঠিপেটা এবং ফাঁকা গুলি করে। পুলিশ ঘটনাস্থল থেকে ২১ জনকে গ্রেপ্তার করে। জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমদ গতকাল মঙ্গলবার প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ছাত্রলীগের কিছু কর্মী মেলায় দোকান দিয়েছিল। পুলিশ দোকানে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করলে একজনকে আটক করে। এ ঘটনার পর দুই পক্ষে সংঘর্ষ হয়।