মৌলভীবাজারে প্রায় ১৩৫ কোটি টাকার ধান ও সবজির ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালবন্যা, পাহাড়ি ঢল ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় মৌলভীবাজারের প্রায় ১৩৫ কোটি টাকার ফসলহানি হয়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে পাহাড়ি ঢল, অকালবন্যা ও জেলার দুটি হাওরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বোরো, আউস ও আমন ধান এবং সবজির প্রায় ৪৭ হাজার একর জমির ফসল নষ্ট হয়।এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক বিপর্যয়ে ফসলহানি এ বছর জেলায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহে বিরূপ প্রভাব ফেলেছে। লক্ষ্যমাত্রার খুব সামান্যই সংগ্রহ করা গেছে।এলাকাবাসী ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখনো কাওয়াদিঘি ও হাকালুকি হাওরের জলাবদ্ধতা কাটেনি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অকালবন্যায় হাকালুকি হাওরের জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার তিন হাজার ১২৪ একর জমি পানিতে তলিয়ে ছয় হাজার ৭৯ মেট্রিক টন ধান নষ্ট হয়ে গেছে। যার মূল্য আট কোটি ৫১ লাখ ছয় হাজার টাকা। একই মাসের দ্বিতীয় সপ্তাহে হাকালুকি ও কাওয়াদিঘি হাওরে অকালবন্যা দেখা দিলে জুড়ী, কুলাউড়া, বড়লেখা, রাজনগর ও সদর উপজেলার ১৬ হাজার ৪৬২ একর জমি পানিতে তলিয়ে ৩৬ হাজার ৪৭ মেট্রিক টন ধান নষ্ট হয়ে যায়। যার মূল্য ৬১ কোটি ২৮ লাখ নয় হাজার ২০০ টাকা। অপরদিকে মে ও জুন মাসে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দুই দফা জেলার শ্রীমঙ্গল উপজেলা ছাড়া অন্য ছয়টি উপজেলার আউস, বোনা আমন ও সবজির খেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। এ সময় প্রথম দফায় জেলার ছয়টি উপজেলায় পাঁচ হাজার ৭৯৭ একর জমির আউস ফসল পানিতে তলিয়ে সাত হাজার ৩৪১ মেট্রিক টন ফসল নষ্ট হয়ে যায়। যার বাজারমূল্য ১২ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা। তখন ৪৮৪ একর জমির সবজির খেতে দুই হাজার ৭৪৪ মেট্রিক টন ফসল নষ্ট হয়। নষ্ট ফসলের মূল্য পাঁচ কোটি ৪৮ লাখ আট হাজার টাকা। এ সময় এক হাজার ১২৩ একর খেতের বোনা আমন (কাতারি) নষ্ট হয়ে যায়। এতে এক কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ৯০০ টাকার ৭৯১ মেট্রিক টন ফসল নষ্ট হয়। জুন মাসে দ্বিতীয় দফায় রাজনগর ও সদর উপজেলায় ৯৮৮ একর জমির এক হাজার ৩৪৮ মেট্রিক টন ফসল নষ্ট হয়ে গেছে। যার মূল্য প্রায় দুই কোটি ২৯ লাখ ১৬ হাজার টাকা। অপরদিকে এ সময় ১৫৩ একর আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ১৫ লাখ ৫০ হাজার টাকার হালিচারা। এ সময় বোনা আমনের এক হাজার ৫৯ একর জমি পানিতে তলিয়ে ৭৪৭ মেট্রিক টন ফসল নষ্ট হয়ে গেছে। যার মূল্য এক কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮২০ টাকা। এ সময় সারা জেলায় বিভিন্ন জাতের প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকার সবজি নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ সরকারি ও বেসরকারি বাজারমূল্য ধরে এই হিসাব করেছে বলে জানা গেছে। জেলা কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, নষ্ট হওয়া ফসলের মধ্যে শুধু আউসের পুনর্বাসনের জন্য জেলার সাতটি উপজেলায় সাত হাজার ৮৬০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার দেওয়া হয়েছে। এঁদের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, কাওয়াদিঘি ও হাকালুকি হাওরে এখনো পানি থইথই করছে। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রেজান আলী প্রথম আলোকে বলেন, ‘পানির জন্য আউস করা সম্ভব হয়নি। আমন ফসলও করতে পারলাম না।’ কৃষি বিভাগ জানিয়েছে, জেলার কাওয়াদিঘি হাওরের রাজনগর ও সদর উপজেলা এবং হাকালুকি হাওরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার প্রায় ১৭ হাজার ২৯০ একর জমিতে জলাবদ্ধতার কারণে আমন ধানের চাষ হয়নি। এতে ২১ হাজার মেট্রিক টন ধান উৎপাদন ব্যাহত হয়েছে। এই ধানের মূল্য ৩৫ কোটি ৭০ লাখ টাকা। এপ্রিল থেকে এ পর্যন্ত অকালবন্যা, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় সারা জেলায় বোরো, আউস, আমন ধান ও সবজির প্রায় ৪৬ হাজার ৪৮৭ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। যাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৭৭০ টাকা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাদা গত সোমবার প্রথম আলোকে বলেন, কাওয়াদিঘি ও হাকালুকি থেকে পানি এখনো কমেনি। কার্তিক মাসেই বোরো ধানের হালিচারা তৈরি শুরু করেন কৃষকেরা। তবে কৃষকেরা হয়তো নিজেদের তাগিদেই উঁচু জায়গায় হালিচারা করে ফেলবেন। উপপরিচালক জানান, আউস ধানের পুনর্বাসনে বিনা মূল্যে সার দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েক দিন আগের বৃষ্টি ফসলের উপকার করেছে। যেসব ধানগাছের ওপর পলি জমেছিল, তা ধুয়ে নিচে পড়ে সেটা পলিতে পরিণত হবে; ফলন ভালো হবে। এতে হয়তো আমনের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে।