মৌলভীবাজারে বাসে আগুন, দগ্ধ ২
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের তত্ত্বাবধায়ক আবুল হোসেন (২৭) ও চালকের সহকারী মাছুম আহমেদ (২৫) দগ্ধ হন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দেশব্যাপী চলমান হরতাল-অবরোধের মধ্যে গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে পৌর শহরের তেলিগুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভাষ্য, বড়লেখা-সিলেট সড়কপথে চলাচলকারী বাসটি পৌর শহরের তেলিগুল এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা ছিল। তত্ত্বাবধায়ক আবুল ও চালকের সহকারী মাছুম বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। রাত সোয়া ১১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে আবুল ও মাছুমের ঘুম ভেঙে যায়। বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে তাঁদের শরীরের কিছু অংশে আগুন লেগে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে বড়লেখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। আগুনে বাসটির বেশির ভাগ পুড়ে গেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দগ্ধ দুজন হাসপাতালে চিকিৎসাধীন। হরতাল-অবরোধকারীরা বাসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা হবে।