একটি বদলিকে কেন্দ্র করে গত শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো)) মৌলভীবাজার কার্যালয়ে কোনো কাজ হয়নি। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছ থেকে জোরপূর্বক বদলির স্থগিতাদেশে সই নেওয়ার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিউবোর মৌলভীবাজার কার্যালয় (বিতরণ বিভাগ) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিউবোর হবিগঞ্জ কার্যালয়ের এসবিএ (সুইসবোর্ড অ্যাটেনডেন্ট) আফাজ উদ্দিনকে ৮ এপ্রিল সুনামগঞ্জে বদলি করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আফাজ উদ্দিনসহ ১০-১২ জনের একটি দল মাইক্রোবাসে করে বিউবোর মৌলভীবাজার কার্যালয়ে আসেন। তাঁরা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম চৌধুরী কাছ থেকে জোর করে আফাজ উদ্দিনের বদলির স্থগিতাদেশে সই নেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এরপর ওই কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিতরণ) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম খান মৌলভীবাজার কার্যালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেন। আফাজ উদ্দিন বলেন, ‘পুরো ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কিছু সহকর্মী নিয়ে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য আবেদন জানাতে এসেছিলাম। বদলি হতে আমার আপত্তি নেই। আমার সমস্যার কথা মৌখিকভাবে জনে জনে বলেছি।’সিরাজুল ইসলাম চৌধুরী ১০-১২ জনের ওই দলের চাপের মুখে বদলির স্থগিতাদেশে সই দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘হবিগঞ্জে চারজন এসবিএ কর্মরত আছেন। সুনামগঞ্জে কেউ নেই। এ জন্য হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে একজনকে বদলি করা হয়েছে।’