মৌলভীবাজারে বিএডিসির কাছে ধানবীজ বিক্রি করে টাকা পাচ্ছেন না কৃষক
মৌলভীবাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধিক বীজ উৎপাদন প্রকল্পে বোরো ধানের বীজ বিক্রি করে সময়মতো টাকা পাচ্ছেন না কৃষকেরা। গত মে মাসে বীজ বিক্রি করে এখন পর্যন্ত তাঁরা পেয়েছেন মাত্র সম্পূর্ণ মূল্যের মাত্র ২০ শতাংশ অর্থ। বাকি টাকা কবে পাবেন, সে সম্পর্কেও নিশ্চিত করে কিছু বলতে পারছে না বিএডিসি। টাকা না পাওয়ায় চুক্তিবদ্ধ অনেক কৃষক আর্থিক সংকটে আমন ধানের বীজ তৈরিতে সঠিক পরিচর্যা করতে পারছেন না। এতে ব্যাহত হতে পারে আমনের বীজ সংগ্রহ।বিএডিসির অধিক বীজ উৎপাদন প্রকল্প মৌলভীবাজার ইউনিট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় বীজ সরবরাহের জন্য এ বছর ৮০ জন কৃষকের সঙ্গে চুক্তি করেছে বিএডিসি। চুক্তিবদ্ধ কৃষকের মধ্যে কমলগঞ্জ উপজেলাতেই রয়েছেন ৬০ জন। এ বছর প্রকল্প থেকে বোরো ধানের বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ১০০ টন। তবে বন্যার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বোরো বীজ সংগ্রহ হয়েছে ৮২২ টন।চুক্তিবদ্ধ কৃষকেরা জানান, চুক্তি অনুযায়ী গত মে মাসে তাঁরা প্রকল্পের কাছে ২৬ টাকা কেজি দরে বোরো ধানের বীজ বিক্রি করেছেন। কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়নি। জুলাই মাসের শেষ সপ্তাহে প্রাপ্য টাকার মাত্র ২০ শতাংশ তাঁদের দেওয়া হয়েছে। বাকি টাকা কবে পরিশোধ করা হবে, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলছে না বিএডিসি।কমলগঞ্জ উপজেলার বীজ সরবরাহকারী কৃষক খন্দকার মোহাম্মদ হোসেন জানান, তিনি বিএডিসির কাছে ৩৫০ মণ বোরো ধানের বীজ বিক্রি করেছেন। কিন্তু মূল্য বাবদ এ পর্যন্ত মাত্র ৬৫ হাজার টাকা পেয়েছেন।মোহাম্মদ হোসেন বলেন, ‘বাকি টাকা কবে পাব সেটাও অনিশ্চিত। বিএডিসি থেকে বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা আসেনি। এতে আমরা হতাশ হয়ে পড়েছি। এ রকম হলে ভবিষ্যতে কৃষকেরা বীজ সরবরাহে আগ্রহ হারিয়ে ফেলবে।’প্রকল্পের মৌলভীবাজার ইউনিটের সহকারী পরিচালক নুরুল আলম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের বীজ বিক্রির বাকি টাকা শিগগির পরিশোধ করা হবে। তবে করপোরেশনের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় টাকা পরিশোধে দেরি হচ্ছে।’