মৌলভীবাজারে বিএনপির আলাদা বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির দুই পক্ষ গতকাল বুধবার শহরে আলাদা বিক্ষোভ করেছে। বিএনপির নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ হওয়ার ঘটনা এবং দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ তুলে ও তার প্রতিবাদে তারা এই মিছিল করে। জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ শহরের সমশেরনগর সড়ক থেকে একটি মিছিল বের করে। পরে জেলা কার্যালয়ের সামনে এক সমাবেশ করে। এতে বক্তৃতা করেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এ মুকিত, বিএনপির নেতা বকসী মিছবাউর রহমান, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, ইউসুফ আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আশিক মোশারফ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, হেলু মিয়া প্রমুখ। একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেত্রী খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন, মোশারফ হোসেন, মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, মতিন বখস প্রমুখ।বক্তারা বলেন, অবিলম্বে নিখোঁজ এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে ফিরিয়ে না দিলে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগ অচল করে দেওয়া হবে।