মৌলভীবাজারে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ১৫, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির কর্মিসভাকে কেন্দ্র করে গতকাল সোমবার দলের দুই অংশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ কর্মীরা তিনটি প্রাইভেট কার এবং ১৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার শহর এলাকায় প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

 প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কর্মিসভা গতকাল বেলা তিনটার দিকে শুরু হয় শহরের মোস্তফাপুর এলাকার রুমেল কমিউনিটি সেন্টারে। আগে থেকে সেখানে অবস্থান করছিল জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ। সাড়ে তিনটার দিকে দলের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর নেতৃত্বে দলের অপর অংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দিতে গেলে কমিউনিটি সেন্টারের বাইরে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে মোস্তফাপুর সড়ক এলাকায় দুই পক্ষে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।

সংঘর্ষের সময় দায়ের কোপ ও ইটের আঘাতে উভয় পক্ষে মো. আদম (মেম্বার), সৈয়দ মমশাদ আহমদ, কামরুল ইসলাম, মুহিতুর রহমান, আনোয়ার হোসেন, আবদুর রহমান, খায়রুল ইসলাম, মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ অন্তত ১৫ জন আহত হন।

বাইরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও কমিউনিটি সেন্টারে নাসের রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিতের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান, সদস্য মো. বেলায়েত হোসেন, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, আবেদ রাজা, মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

সংঘর্ষের সময় বিক্ষুব্ধ কর্মীরা দুটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ ও একটি ভাঙচুর এবং ১৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর, কমিউনিটি সেন্টার ও চার-পাঁচটি দোকান ভাঙচুর করেন।

এদিকে সংঘর্ষ শুরুর পর বিকেল সাড়ে তিনটা থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের কুসুমবাগ এলাকার সব দোকান বন্ধ ছিল।

বেগম খালেদা রব্বানী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতা মোহামঞ্চদ শাহজান সভায় যেতে বলেছিলেন। আমি লোকজন নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দা নিয়ে ধাওয়া করা হয়েছে। কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পরে বাসায় চলে এসেছি।’

তবে নাসের রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সুন্দরভাবে সভা শেষ করেছি। যাঁদের বক্তব্য দেওয়ার কথা, তাঁরা বক্তব্য দিয়েছেন। আমরা সভা শেষ করে আসার পর শুনেছি, কমিউনিটি সেন্টারে আক্রমণ করা হয়েছে। আক্রমণকারীরা কেউ মৌলভীবাজারের লোক নয়। এদেরকে মিরপুর (হবিগঞ্জ জেলার) থেকে ভাড়া করে আনা হয়েছে।’

মোহামঞ্চদ শাহজান প্রথম আলোকে বলেন, ‘আমি মিটিং করে এসেছি। তবে শুনেছি, মিটিংয়ের আগে ও পরে কিছু ঘটনা ঘটেছে। দলে আগে থেকেই বিরোধ ছিল। আশা করেছিলাম, সবাই সহনশীলতার পরিচয় দেবে কিন্তু তা দেওয়া হয়নি। আমি যা দেখেছি, তা কেন্দ্রীয় কমিটির কাছে বলব।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০-১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।