মৌলভীবাজারে বিকাশ হচ্ছে না পর্যটনের
অমিত সম্ভাবনা সত্ত্বেও মৌলভীবাজারে পর্যটনের বিকাশ ঘটছে না। পর্যটন এলাকার সব উপাদান বিদ্যমান থাকায় বছর চারেক আগে এই জেলাকে পর্যটন জেলা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গৎবাঁধা উন্নয়নের বাইরে পর্যটনশিল্পের বিকাশে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা হাতে নেওয়া হয়নি। সে রকম কোনো পরিকল্পনাও নেই। প্রকৃতির স্বাভাবিক ধারায় পর্যটনের জন্য তৈরি হওয়া ক্ষেত্রগুলো সুষ্ঠু পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না। মৌলভীবাজার জেলায় রয়েছে হাওর-নদী, পাহাড়, চা-বাগান ও ঐতিহাসিক স্থান। এ ছাড়া রয়েছে বিভিন্ন আদিবাসী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস ও অনেক রকম মৌসুমি ফল। পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক কিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে এই জেলায়। জেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলার পাহাড়ি টিলায় শত বছরের ঐতিহ্য নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোট-বড় চা-বাগান। জেলার বড়লেখা উপজেলায় রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত ও মাধবকুণ্ড ইকোপার্ক। কমলগঞ্জ উপজেলায় আছে মাধবপুর হ্রদ, ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের সঞ্চৃতিসৌধ। রয়েছে বিরল প্রজাতির উদ্ভিদ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত ও মণিপুরি তাঁতপল্লি। শ্রীমঙ্গলে চা-বাগান ছাড়াও রয়েছে বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)। রয়েছে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলাজুড়ে বিস্তৃত বিচিত্র জলজ উদ্ভিদ ও অতিথি পাখির বৈচিত্র্যে ভরা হাকালুকি হাওর। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে আছে হাইল-হাওর। দেশে-বিদেশে পরিচিত মৎস্য ও পাখির অভয়াশ্রম বাইক্কা বিল। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত কাওয়াদীঘি হাওর। কাওয়াদীঘি হাওরের কাশিমপুর এলাকায় স্থাপিত কাশিমপুর পাম্প হাউস। রাজনগরে কমলা রানীর দীঘি। মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোরা ইকোপার্ক, হজরত শাহ মোস্তফার (র.) মাজার, ঐতিহাসিক খোজার মসজিদ, অজ্ঞান ঠাকুরের দেউল, মনু ব্যারেজ ও প্রবাসীদের চোখজুড়ানো সুরম্য বাড়ি। এ ছাড়া বড়লেখা, জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে আদিবাসী খাসিদের (খাসিয়া) পানপুঞ্জি। রয়েছে খাসিয়া, সাঁওতাল, গারো, ত্রিপুরাসহ (টিপরা) বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাস ও তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড। কমলা বাগান, আনারস, কাঁঠাল, লেবুসহ নানা মৌসুমি ফলের বাগান, যা বছরের ১২ মাসই পর্যটকদের আকর্ষণ করে থাকে। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে ২০০৮ সালের ১ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘এসো বাংলাদেশ গড়ি’—এ স্লোগান সামনে নিয়ে অনুষ্ঠিত রোড শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘ চার বছর পরও পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারের সাজানো প্রকৃতিকে পর্যটকদের কাছে টানার উপযোগী করে গড়ার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। একটি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন থেকে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর ‘মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে উন্নীতকরণ’ নামে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘পর্যটন জেলা হিসেবে কোনো কার্যক্রম বা বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে আমরা মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণার বিষয়টিকে এগিয়ে নিতে চাই। এমনিতে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। কিন্তু পর্যটনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেই।’