মৌলভীবাজারে বিদ্যালেয়র শতবর্ষপূর্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আজাদ বখ্ত উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে দুদিনব্যাপী নতুন-পুরোনোর মিলনমেলা।
নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে এ পুনর্মিলনী উৎসব। ১৯১৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
গতকাল সকালে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। পরে উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বনমালী ভৌমিক।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ ও পুনর্মিলনী উদ্যাপন কমিটির সভাপতি খালিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
আরও বক্তব্য দেন মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সাংসদ আবদুল মুনিম চৌধুরী, শিক্ষক অরবিন্দ পোদ্দার প্রমুখ। বিকেলে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শতবর্ষ উদ্যাপন কমিটির পক্ষ থেকে কালান্তর নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয় এদিন।
উৎসবের দ্বিতীয় দিন আজ বুধবার রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, শিক্ষক তারেক শামসুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশফাক হোসেনকে অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিহাবুর রহমান বলেন, শতবর্ষ উদযাপন উপলক্ষে ৭০০ প্রাক্তন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছিলেন। কিন্তু পুরানো বন্ধু-সতীর্থদের টানে এসেছেন আরও অনেক বেশি।