মৌলভীবাজারে মনু নদীর পাড়ে ধস, রাস্তা বন্ধ
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় মনু নদীর পাড়ে ধস দেখা দিয়েছে। এতে পূর্ব বড়হাট মসজিদের ভিতে গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। হেলে পড়েছে বিদ্যুতের একটি খুঁটি। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। এলাকাবাসীর ভাষ্যমতে, মনু নদীর পাড়ে পূর্ব বড়হাট এলাকায় আজাদ মিয়ার বাড়ির কাছে মাস খানেক আগে ধস দেখা দেয়। ধীরে ধীরে এলাকায় ফাটল বাড়তে থাকে। কয়েক দিনে ফাটল বাড়ায় আশপাশের বাসাবাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর পাড়ের ধস ও পাকা রাস্তায় ফাটল বাড়তে থাকায় মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলামসহ প্রশাসনের লোকজন গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁরা বড়হাটের রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেন।গতকাল বিকেলে ফাটলের স্থানে গিয়ে দেখা গেছে, কৌতূহলী লোকজন ভিড় করে আছেন। বড়হাট এলাকার আজাদ মিয়ার বাড়ির কাছে পূর্ব বড়হাট মসজিদ থেকে আবু তাহেরের দোকান পর্যন্ত প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট এলাকাজুড়ে ধস। ধসের ফলে পাকা রাস্তার নিচ দিয়ে তৈরি হচ্ছে গভীর সুড়ঙ্গ। স্থানীয় লোকজন বালু ফেলে সুড়ঙ্গ ভরাটের চেষ্টা করছেন। তবে ফাটল বন্ধ করা যাচ্ছে না। পাকা রাস্তায় ক্রমাগত ফাটল বাড়ছে। পাড়ে ধসের কারণে বিদ্যুৎ সরবরাহের একটি খুঁটি হেলে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী আবু তাহের গতকাল প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে ফাটলের সৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে এই ফাটলের সংখ্যা বাড়ছে। রাস্তা দেবে যাচ্ছে।’মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, ‘এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছি।’অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জহিরুল ইসলাম বলেন, ‘বেশ গভীর থেকে ফাটল দেখা দিয়েছে। নদীর তলদেশে ভূমিধসের কারণে এ রকম হতে পারে। তবে এটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি বিশেষজ্ঞ দল পাঠাবেন বলেছেন।’পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘জায়গাটা আগামীকাল (আজ বুধবার) সকালে দেখতে যাব।’