মৌলভীবাজারে মহিলা ভাইস চেয়ারম্যান ছুরিকাহত
পারিবারিক বিরোধের জের ধরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা খান আপন ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ-মহিলাবিষয়ক সম্পাদিকা।গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের লেক রোডে রাশিদা খানের ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর আরেক ভাই আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাশিদা খান তাঁর আপন ভাই রুয়েল খানের ছুরিকাঘাতে আহত হন। তাঁকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর আরেক ভাই জুয়েল খান আহত হয়েছেন। তাঁকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। রাশিদা খানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী গতকাল শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কী কারণে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, এটা কেউ বলছে না। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। এই বিষয়ে থানায় কেউ মামলা করেনি।