মৌলভীবাজারে মাছধরাকে কেন্দ্র করে আটজন আহত
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামের গুদা গাঙে (ছোট খাল) মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের আক্রমণে গতকাল শনিবার আট গ্রামবাসী আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ ছিকরাইল গ্রামের হাবিবুর রহমান ওরফে সিরাজ মিয়াকে (৪০) সিলেটের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মৌলভীবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের গুদা গাঙ বা নয়া গাঙে একটি ডহর (গভীর স্থান) আছে। এলাকার লোকজন দীর্ঘদিন ধরে এই ডহরে মাছ ধরছে। এলাকাবাসীর অভিযোগ, শাহ কাদেরিয়া মৎস্য খামারের মালিক সৈয়দ আহমদ মুকিত এলাকাবাসীকে মাছ ধরতে বাধা দেন। গতকাল বেলা ১১টার দিকে গুদা গাঙে নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল, জাকান্দি, মারকোনা, বানিকা ও গাঁও শ্রীমঙ্গল গ্রামের মানুষ জাল ও পলো নিয়ে মাছ ধরতে গেলে মৎস্য খামারের লোকজন তাদের বাধা দেন। একপর্যায়ে মৎস্য খামারের পক্ষ থেকে গ্রামবাসীকে লক্ষ্য করে বন্দুকের গুলি (ছিটা গুলি) ছোড়া হলে হাবিবুর রহমান ওরফে সিরাজ মিয়া (৪০), কামরুল মিয়া (২৫), সুরমান খান (২০), রিমন খান (২৮), জিলকদ খান (২০), সেলিম মিয়া (৩৫), আলমগীর মিয়া (১৮) ও কমলাকলস গ্রামের রুকন মিয়া (২৫) আহত হন। তাঁদের মধ্যে হাবিবুর রহমান ওরফে সিরাজ মিয়াকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদেরিয়া মৎস্য খামারের মালিক সৈয়দ আহমদ মুকিত গতকাল বলেন, ‘আগে থেকে কিছু সমস্যা আছে। অনেক লোক এসে আমার ফিশারিতে হামলা করেছে। আমরা কোনোরকমে আত্মরক্ষা করেছি। আমার ফিশারির পশ্চিম দিকে একটি খাল আছে। কিন্তু এই খালে এক থেকে দুই হাজার মানুষ মাছ মারার জন্য আসার কথা না। শুক্রবার এলাকায় ঢোল পিটিয়ে মাছ ধরার কথা বলেছে।’ আবদুল মুকিত বলেন, ‘ঘটনার সময় আমি অনেক পেছনে ছিলাম। কে গুলি করেছে, আমি বলতে পারব না।’নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান গতকাল বলেন, ‘আমি শুনেছি সিরাজ মিয়া নামে একজনের চোখে গুলি লেগেছে। তাঁকে সিলেটের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পাঁচ-সাতজন আহত হয়েছেন।’