মৌলভীবাজারে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বিসিক (ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার) শিল্পনগরের মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ কারণে বিসিক কেন্দ্রটির জন্য দেওয়া জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কেন্দ্রটি মৌলভীবাজার থেকে প্রত্যাহার করার পাঁয়তারা চলছে বলেও গুঞ্জন রয়েছে। সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া এলাকায় বিসিক শিল্পনগরে স্থাপিত মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের প্রবেশপথের ফটকে তালা ঝুলছে। কেন্দ্র দেখাশোনার কেউ নেই। পরে যোগাযোগ করা হলে নিরাপত্তা প্রহরী মুঠোফোনে বলেন, ‘কেন্দ্রে শুধু আমি আছি। কোনো কার্যক্রম নেই। আমি ২০১০ সালের মে মাসে যোগ দেওয়ার আগেই কেন্দ্র থেকে সব যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। তবে শুনেছি, ছোট পরিসরে কেন্দ্রটি চালু করা হবে।’ বিসিক ও মিল্ক ভিটা সূত্রে জানা গেছে, দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে ২০০৬ সালে মৌলভীবাজারে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি চালু করা হয়। স্থানীয় খামারিদের কাছ থেকে দুধ কিনে এই কেন্দ্রে তা শীতল করে ঢাকায় মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে পাঠানো হতো। এ ছাড়া কেন্দ্র থেকে খামারমালিকদের গাভি পোষা, গরুর সুষম খাদ্য ও কৃত্রিম প্রজনন সম্পর্কে পরামর্শ এবং অসুখ-বিসুখে চিকিৎসা দেওয়া হতো। কিন্তু পর্যাপ্ত দুধ না পাওয়ার অজুহাতে ২০০৮ সালে কেন্দ্রের ব্যবস্থাপক, চিকিৎসকসহ আট কর্মকর্তা-কর্মচারীকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। একই বছরের নভেম্বরে দুগ্ধ শীতলীকরণ যন্ত্রটিও খুলনায় স্থানান্তর করা হয়। বর্তমানে কেন্দ্রের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।বিসিক সূত্র আরও জানায়, ২০০৪ সালে বিসিক শিল্পনগরে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের জন্য ৩২ হাজার বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়। চালুর দুই বছর পর কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। গত বছরের ১৬ জুন বিসিক শিল্পনগরের ভূমি বরাদ্দ কমিটির সভায় প্রকল্পের বরাদ্দ বাতিল করে দেওয়া হয়। পরে মিল্ক ভিটা কর্তৃপক্ষ বিসিক চেয়ারম্যান বরাবর আপিল আবেদন করলে বিসিক ১০ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ বহাল রাখে এবং ২২ হাজার বর্গফুট জমিতে মিল্ক ভিটার কারখানা পরিচালনার জন্য বরাদ্দ বাতিলের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে। এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত ডিসেম্বরে মিল্ক ভিটাকে চিঠিও দেওয়া হয়। তবে আট মাস অতিবাহিত হওয়ার পরও মিল্ক ভিটা কর্তৃপক্ষ কেন্দ্র চালুর কোনো উদ্যোগ নেয়নি। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট ভূমি বরাদ্দ কমিটির ৩৫তম সভায় জমির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কেন পুনর্বহাল হবে না—মর্মে মিল্ক ভিটা কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।মিল্ক ভিটার ঢাকা কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, বিসিক শিল্পনগরে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটি জানতে চেয়েছিল। বিষয়টি তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্র চালুর বিষয়টি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।বিসিকের উপব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম সরকার গত মাসে ভূমি বরাদ্দ কমিটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। দিন-দুপুরে গ্রিল চুরি হচ্ছে। দরজা-জানালা নেই। কেন্দ্র নিয়ে কারও কোনো খোঁজখবর নেই। তাই আগের ভূমি বরাদ্দ বাতিলের আদেশ কেন পুনর্বহাল করা হবে না—এটা জানিয়ে মিল্ক ভিটা কর্তৃপক্ষকে আমরা চিঠি দিচ্ছি।’