মৌলভীবাজারে যুব সংহতির সম্মেলনে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা জাতীয় যুব সংহতির সম্মেলনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সম্মেলন হওয়ার কথা ছিল। এক আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আগামী বৃহস্পতিবার পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্র এবং জেলার সর্বত্র এ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

জাতীয় যুব সংহতি ও জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, আজকের এ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক ও যুব সংহতি কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক শেখ আশরাফ উদ্দিন গতকাল শনিবার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদ এ নিষেধাজ্ঞা আরোপ করে। সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা থেকে এই নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এই পাঁচ দিন জাতীয় যুব সংহতির ব্যানারে পৌর জনমিলন কেন্দ্র অথবা জেলার কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।

শেখ আশরাফ উদ্দিন আজ প্রথম আলোকে বলেন, ‘জেলা আহ্বায়ক কমিটি একতরফাভাবে সম্মেলনের উদ্যোগ নিয়েছে। উপজেলার সভাপতি-সম্পাদক সম্মেলন সম্পর্কে জানেন না। এতে দাঙ্গা-হাঙ্গামার খুবই আশঙ্কা ছিল। শান্তি-স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সম্মেলন স্থগিতের জন্য আদালতে আশ্রয় নিয়েছি।’

জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘তাদের মধ্যে (যুব সংহতি) দুই-তিন পার্ট হয়ে গেছে। আমি সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সম্মেলন স্থগিত করার জন্য গত বৃহস্পতিবার জাতীয় পার্টি ও যুব সংহতির কেন্দ্রীয় কমিটিকে অবগত করেছি।’

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহাম্মদ সম্মেলনকে ঘিরে ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করেছেন।