মৌলভীবাজারে শিবিরের ছয় কর্মী গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় প্রচুর দেশীয় অস্ত্র, সিডি ও ধর্মীয় বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন: লোকমান আহমদ (১৯), শাকের আহমদ (২০), মাহাদি হাসান (২৩), জসিমউদ্দিন (২৪), আবদুর রহমান (২০) ও সাহেল মিয়া (২০)। এঁরা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের সিনিয়র মাদ্রাসা এলাকায় শিবিরের একটি পোস্টার লাগানো নিয়ে গত বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির ও তালামিযে ইসলামিয়ার (ইসলামপন্থী ছাত্রসংগঠন) মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তালামিযে ইসলামিয়া বৃহস্পতিবারই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা করে। পুলিশ বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের পুরাতন হাসপাতাল এলাকার একটি বহুতল ভবনের নয় তলার শিবির পরিচালিত একটি মেস এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এলাকার একটি মেস থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন মেস থেকে সাতটি চায়নিজ কুড়াল, আটটি রামদা, বিভিন্ন ধরনের প্রচুর সিডি, ভিডিও ক্যাসেট ও বিপুল পরিমাণ ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে।তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘শিবির কর্মীরা রামদা, হকিস্টিক নিয়ে অতর্কিতে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।’ তিনি ছাত্রশিবির কর্মীর ওপর হামলার ঘটনা অস্বীকার করেন। অপর দিকে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আজিম উদ্দিন বলেন, ‘তালামিয দীর্ঘদিন ধরে সিনিয়র মাদ্রাসায় শিবিরকে বাধা দিচ্ছে। তারা আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে কথা-কাটাকাটি হলে ইমন নামের এক “সাথী”কে আহত করে। এই ঘটনার রেশ ধরে পরে তালামিযের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।’