মার্কিন বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন পরিচালিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খননের কাজ এ মাসেই (মে ২০১১) শুরু হচ্ছে। এ জন্য কমলগঞ্জ উপজেলার নূরজাহান চা-বাগানের তিন একর ও ফুলবাড়ী চা-বাগানের দুই একর ভূমিতে প্যাড (প্ল্যাটফর্ম) নির্মাণ আগেই শেষ করা হয়েছে। গত সপ্তাহে খননযন্ত্রও (রিগ) মৌলভীবাজারে পৌঁছেছে।চলতি বছরের প্রথম দিক থেকে কমলগঞ্জের ফুলবাড়ী ও নূরজাহান চা-বাগানে নতুন অনুসন্ধান কূপ খননের জন্য প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু করে শেভরন। এর আগে ২০০৮ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রিডি সাইসমিক সার্ভে) করা হয়।শেভরনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই জরিপে কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগান থেকে দেওড়াছড়া চা-বাগান পর্যন্ত ৯৫ শতাংশ ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাঁচ শতাংশ এলাকায় গ্যাসের অবস্থান চিহ্নিত হয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী, শেভরন কালাপুর গ্যাসক্ষেত্রের পার্শ্ববর্তী জাগছড়া চা-বাগান এলাকায়ও একটি নতুন কূপ খনন করবে।নূরজাহান ও ফুলবাড়ী চা-বাগানের বিশাল এলাকায় গ্যাসকূপের জন্য প্যাড নির্মাণকাজের ঠিকাদারি করেছে ঢাকার ‘পিল’ নামের একটি কোম্পানি। নাম প্রকাশ না করার শর্তে চা-বাগানের একজন সহকারী ব্যবস্থাপক জানান, চা-বাগান দুটির গ্যাসকূপ খনন এলাকায় ১৫-২০ হাজার চা-গাছ এবং পাঁচ শতাধিক ছায়াবৃক্ষ কাটতে হয়েছে। তবে প্রতিটি চা-গাছের জন্য লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।এর আগে শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান এলাকায় শেভরন গ্যাসকূপ খননের প্রাথমিক কাজ শেষ করেও আশানুরূপ গ্যাস না পাওয়ায় ক্ষেত্রটি বাতিল করেছে। এখন প্রথমে নূরজাহান-ফুলবাড়ী এলাকায়, এরপর জাগছড়ায় নতুন কূপ খনন করা হবে।১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, নূরজাহান ও ফুলবাড়ী চা-বাগানের অবস্থান এর পাশেই।