মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেক মানুষের বৃক্ষপ্রেমিক হওয়ার বিকল্প নেই। দেশজ জাতের ও পরিবেশের অনুকূল এমন বৃক্ষ রোপণ করতে হবে। প্রাকৃতিক বনকে প্রাকৃতিকভাবে সংরক্ষণ ও এর বিকাশের বাধা দূর করতে হবে।মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী দিনের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।‘দেশের বায়ু দেশের মাটি/গাছ লাগিয়ে করব খাঁটি’ স্লোগান নিয়ে গতকাল থেকে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃক্ষমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। মৌলভীবাজার জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই বৃক্ষমেলার আয়োজন করে। বৃক্ষমেলা উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সাইফুর রহমান মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুল বারিকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে চিফ হুইপ ছাড়াও বক্তব্য দেন সাবেক সাংসদ আজিজুর রহমান ও হোছনে আর ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আবদুল জলিল মিয়া, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের ২৫টি স্টল দেওয়া হয়েছে। বৃক্ষমেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিকে, বৃক্ষমেলা উপলক্ষে ওয়ান বাংলাদেশ সুন্দরবনকে ভোট প্রদানের ব্যবস্থা করে এবং মৌলভীবাজার বায়োডাইভারসিটি কনজারভেশন গ্রুপ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে গণস্বাক্ষর সংগ্রহ করে।