মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত দেশ। জেলাবাসীর দাবি পূরণে মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ করা হবে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধনী শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনিও মুক্তি পেয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিন। তবে এ খেলায় কোনো ফাউল করতে পারবেন না। ফাউল করলে মাঠের বাইরে চলে যেতে হয়। শেখ হাসিনা সকল ষড়যন্ত্র নির্মূল করতে জানেন।’
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ এম এ শহীদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ বদরুলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খাজা আবদুল মান্নান, সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।